India & World UpdatesHappeningsBreaking NewsFeature Story
সময় পাল্টেছে, হৃদরোগে বেশি ভুগছেন তরুণ যুবকরা

ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর: একটা সময় ছিল যখন হার্ট অ্যাটাক বললেই মানুষ ভাবতো, বিষয়টা বয়স্কদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। কিন্তু বর্তমানে মধ্যগগনে থাকা তরুণ ও যুবকরাই বেশি ভুগছেন হৃদরোগে।
পরিসংখ্যান বলছে, জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় ৬০ শতাংশের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। ধমনীতে ব্লকেজ বা ম্যাসিভ হার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন তারা।
কম বয়সে হৃদরোগের এই আশঙ্কাজনক বৃদ্ধির মূলে রয়েছে আধুনিক অলস জীবনযাপন, অতিরিক্ত ওজন বা স্থূলতা, ব্যাপক তামাকের সেবন এবং অল্প বয়সে বেড়ে যাওয়া উচ্চ রক্তচাপের সমস্যা। এ সব কারণেই অল্প বয়সীদের ধমনীতেও নীরবে তৈরি হচ্ছে প্রদাহ। যা ধমনীকে সময়ের আগেই শক্ত করে ফেলে এবং হঠাৎ রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়িয়ে তোলে কয়েক গুণ।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা রোধ করতে ২৫ বছর বয়স হতেই বার্ষিক সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন। যার মধ্যে আছে লিপিড প্রোফাইল, রক্তচাপ এবং রক্তের শর্করা পরীক্ষার মতো কিছু জরুরি রুটিন টেস্ট। প্রাথমিক পরীক্ষার পাশাপাশি তরুণদের হৃদযন্ত্র সুরক্ষিত রাখতে দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনাটাও অপরিহার্য। ব্যায়াম করা খুব উপকারী। একই সঙ্গে সুষম ডায়েট মেনে চলাটাও জরুরি।



