NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

মাল্টি-স্কিল সেন্টার অব এক্সেলেন্স হবে শিলচরে, দক্ষতা বিকাশে ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েটুবরাক, ২৩ নভেম্বর: রাজ্যের শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা আইটিআইগুলির আধুনিকীকরণ এবং দক্ষতা উন্নয়ন পরিকাঠামো সম্প্রসারণে ৪ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। উদীয়মান শিল্প ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের যুবসমাজকে কর্মসংস্থানের উপযোগী করে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইটিআই এবং অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিশ্বমানের উৎকর্ষ কেন্দ্রে (সেন্টারস অব এক্সেলেন্স) রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর মতে, বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষ কর্মীদেরও আইআইটির মতো দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকদের সমান মর্যাদা দেওয়া উচিত।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “আইআইটি হোক কিংবা আইটিআই, আমার কাছে দুটিই সমানভাবে দেশের সম্পদ, জাতির শক্তি এবং ভারতের ভবিষ্যৎ।”

মুখ্যমন্ত্রী জানান, শিল্পক্ষেত্রের চাহিদা এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বৃত্তিমূলক প্রশিক্ষণকে আরও উন্নত করার লক্ষ্যে উচ্চশিক্ষা ও কারিগরি প্রশিক্ষণে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।

গুয়াহাটিতে একটি স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার (এসআইআইসি) গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি শিলচর, মাজুলি, কোকরাঝাড় ও ডিব্রুগড়-সহ বিভিন্ন জেলায় ন’টি মাল্টি-স্কিল সেন্টার অব এক্সেলেন্স স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এই কর্মসূচির অন্যতম প্রধান অংশ হল টাটা টেকনোলজিস এবং ২০টিরও বেশি আন্তর্জাতিক অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম)-এর সহযোগিতায় ২,৩৯০ কোটি টাকার ইন্ডাস্ট্রি ৪.০ আধুনিকীকরণ প্রকল্প। এর আওতায় ৪৩টি আইটিআই এবং ৩৪টি পলিটেকনিক-সহ মোট ৭৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে উৎকর্ষ কেন্দ্রে উন্নীত করা হবে। সেখানে বৈদ্যুতিক যানবাহন, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স, থ্রিডি প্রিন্টিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উৎপাদন প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া মঙ্গলদৈয়ে ১,০১৬ কোটি টাকা ব্যয়ে অসম স্কিল ইউনিভার্সিটি গড়ে তোলা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে বৃত্তিমূলক ডিপ্লোমা থেকে শুরু করে বি.টেক, এমবিএ এবং ডক্টরাল স্তর পর্যন্ত পাঠ্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স এবং ডিজিটাল ম্যানুফ্যাকচারিংয়ের মতো বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অন্যদিকে, টাটা নেলকো এবং অসমের সমগ্র শিক্ষা অভিযানের সহযোগিতায় ৬০০ কোটি টাকার হাব-অ্যান্ড-স্পোক দক্ষতা প্রশিক্ষণ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০টি স্কিল হাব এবং ৫০০টি স্পোক সেন্টার স্থাপন করা হবে। এর মাধ্যমে গ্রামীণ এলাকার যুবকদের কাছেও শিল্পমুখী প্রশিক্ষণের সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

পিএম-সেতু প্রকল্পের আওতায় শিল্প সংস্থাগুলির সহযোগিতায় দক্ষতা উন্নয়নের বিশেষ ক্লাস্টারও গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে জোরহাটে নুমালিগড় রিফাইনারি লিমিটেড এবং তিনসুকিয়ায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় রাষ্ট্রায়ত্ত সংস্থাভিত্তিক আইটিআই ক্লাস্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচি সাজানো হবে।

এ ছাড়া অসমের যুবকদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশনের (আইটিই) সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, দক্ষ মানবসম্পদ গড়ে তুলে অসমকে পূর্ব ভারতের দক্ষতা উন্নয়নের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করাই রাজ্যের লক্ষ্য। এই উদ্যোগগুলি আত্মনির্ভর অসম এবং বিকশিত ভারত গড়ার স্বপ্ন পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker