Barak UpdatesHappeningsBreaking News
ক্যাপিটাল-রাঙ্গিরখাড়ি ফ্লাইওভার হচ্ছে না, হবে চার লেন রাস্তা, জানালেন মন্ত্রী কৌশিক রাই

ওয়েটুবরাক, ২০ নভেম্বর: শিলচর শহরের একাংশ ব্যবসায়ীর দীর্ঘদিনের আপত্তির মুখে প্রস্তাবিত উড়ালপুলের পরিকল্পনায় বড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ৫৮৩ কোটি টাকার এলিভেটেড করিডরের পরিবর্তে এবার দুটি ছোট ফ্লাইওভার এবং শহরের গুরুত্বপূর্ণ অংশে চার লেনের রাস্তা নির্মাণের প্রস্তাব নেওয়া হয়েছে। নতুন প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৭০০ কোটি টাকা। আজ শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, শিলচরের বহু প্রতীক্ষিত ফ্লাইওভার নিয়ে বিকল্প প্রস্তাব নেওয়া হয়েছে এবং সেই প্রস্তাব ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এদিন ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত এলিভেটেড করিডোরের বিকল্প প্রস্তাব নিয়ে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে শিলচরের ব্যবসায়ী সমিতি, সামাজিক সংগঠন সহ বিশিষ্ট নাগরিকদের মতামত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বিকল্প হিসেবে তিনটি প্রস্তাব নেওয়া হয়। সেগুলো হলো — ক্যাপিটাল পয়েন্ট থেকে গোপীনাথ সিনেমা হল পর্যন্ত রাস্তার প্রস্থ বৃদ্ধি করে ফোর লেন যুক্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা নির্মাণ। কৃষ্ণচরণ পাঠশালা থেকে গোপীনাথ সিনেমা হল পর্যন্ত ৫৪২ মিটার একটি ফ্লাইওভার এবং সদরঘাট থেকে রেডিও স্টেশন পর্যন্ত ৫০০ মিটার আরেকটি ফ্লাইওভার।
এদিকে, প্রস্তাবিত উড়ালপুলের বদলে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণের বিকল্প প্রস্তাব গ্রহণের পরই শিলচর শহরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে, ব্যবসায়ী মহলের দাবি, বড় ফ্লাইওভার হলে শহরের ব্যবসা-বাণিজ্যে বড় ধাক্কা লাগত। বিকল্প প্রস্তাবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা পাবে।
অন্যদিকে প্রশ্ন উঠেছে, ৫৬৫ কোটি টাকার স্বপ্ন দেখিয়ে শেষ পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা আর দুটি ছোট ফ্লাইওভার! তবে কি নির্বাচনের আগে বরাকবাসীকে দেখানো হয়েছিল উন্নয়নের মরীচিকা? প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন ছাড়াই কি করে তাঁর হাতে শিলান্যাস করা প্রকল্পে বদলে গেল নকশা? পক্ষে-বিপক্ষে বিতর্কের মধ্যে এখন মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় শিলচরের উড়ালপুলের বিকল্প প্রস্তাব।



