NE UpdatesHappeningsBreaking News
উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা গুয়াহাটিতে

ওয়েটুবরাক, ২১ নভেম্বর: উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস নেতা হড়ক সিংহ রাওয়াতের বিরুদ্ধে গুয়াহাটিতে এফআইআর দায়ের করা হয়েছে। ২৩ বছর আগে তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন তিনসুকিয়া জেলার শদিয়ার বাসিন্দা এক মহিলা । তিনিই এবার নিজের ২৩ বছর বয়সি ছেলের পিতৃত্ব নির্ধারণে নতুন করে ডিএনএ পরীক্ষার আর্জি জানিয়েছেন। দাবি করছেন, ন্যায়বিচারের স্বার্থে মামলাটি পুনরায় শুরু করা হোক।
মহিলার অভিযোগের ভিত্তিতে গুয়াহাটি পানবাজার মহিলা থানায় এফআইআর নথিভুক্ত হয়েছে। তিনি উত্তরাখণ্ড পুলিশের ডিজিপির কাছেও অভিযোগ জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
মহিলার অভিযোগ, ২০০২ সালে যখন তাঁর বয়স মাত্র ১৬ বছর, তখন চাকরির প্রলোভন দেখিয়ে তাঁকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়। সেখানে রাওয়াত তাঁকে যৌন নির্যাতন করেন। পরে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। সে সময় তিনি অভিযোগ করেছিলেন যে, তৎকালীন উত্তরাখণ্ডের রাজস্বমন্ত্রী রাওয়াতই ওই সন্তানের পিতা। ঘটনাটি নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত রাওয়াতকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। পরবর্তীকালে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্ত চলাকালে ডিএনএ পরীক্ষা হলে রাওয়াতের সঙ্গে সন্তানের মিল পাওয়া যায়নি বলে সিবিআই জানায়। এর পর তাঁকে ক্লিনচিট দেওয়া হয়। মহিলাও পরে নিজের পূর্ববর্তী অভিযোগ থেকে সরে এসে বলেছিলেন, রাওয়াত নির্দোষ এবং তিনি তাঁর সন্তানের পিতা নন। তবে এখন তিনি দাবি করছেন, সে সময় রাজ্য পরিচালিত নারী নিকেতনে থাকার সময় তাঁকে চাপ দিয়ে বিভিন্ন নথিতে স্বাক্ষর করানো হয়েছিল। সেই পরিস্থিতিতে তিনি চাপের মুখে অভিযোগ প্রত্যাহারে বাধ্য হন।
এবার গত ১০ নভেম্বর তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানান, তিনি ওই মহিলার ন্যায়বিচারের লড়াইয়ে পাশে রয়েছেন।
হড়ক সিংহ রাওয়াত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।


