Barak UpdatesHappeningsBreaking News
১১ জুলাই হাইকোর্ট বেঞ্চ আন্দোলনের ভিশন ডকুমেন্ট, তথ্যচিত্র ও থিম সং উন্মোচন

ওয়েটুবরাক, ১০ জুলাই: বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি, কাছাড় জেলা কমিটির উদ্যোগে আগামী ১১ জুলাই (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় শিলচরের ইলোরা হেরিটেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তাতে আন্দোলনের ভিশন ডকুমেন্ট, তথ্যচিত্র (ডকুমেন্টারি ফিল্ম) এবং থিম সং আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনআইটির পরিচালক দিলীপ কুমার বৈদ্য এবং জি.সি. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়।
এই উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা জানানো হবে। সংবর্ধিতদের মধ্যে থাকবেন প্রবীণ আইনজীবী, চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবী, শিল্প-সংস্কৃতির অগ্রণী ব্যক্তিত্বসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা গুণীজন।
অনুষ্ঠানের সূচনায় ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সমবেত উদ্বোধনী সংগীত পরিবেশন করবেন। এরপর রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন নীলাঞ্জন পাল। রূপম সাংস্কৃতিক সংস্থার সদস্যরা সমবেত সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানের শেষ সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে নিক্কন-এর শিল্পীরা মনোজ্ঞ সমবেত নৃত্য পরিবেশন করবেন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।
হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে শিলচর শহর ও বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষাবিদ, ছাত্র-যুব সমাজ এবং সর্বস্তরের জনগণের আন্তরিক উপস্থিতি কামনা করেছে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক নিখিল পাল।



