Barak UpdatesHappeningsBreaking News
স্পা-সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদী সভা, সরব শিলচরের সুশীল সমাজ

ওয়েটুবরাক, ১০ জুলাই: পারিজাত হোটেলে দেহব্যবসার জন্য নাবালিকাকে আটকে রাখার অভিযোগ এবং ডা. জেপি দাসকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেওয়া, সেকেন্ড লিংক রোডের এক বাড়িতে হানা দিয়ে একই ধরনের ঘটনায় স্থানীয় জনতা কয়েকজনকে ধরে পুলিশে সমঝে দেওয়া এবং সবশেষে ইম্পেরিয়াল মলের দুই স্পা থেকে ২৮জনকে গ্রেফতারের ঘটনা শিলচরের সুশীল সমাজকে নাড়িয়ে দিয়েছে। তাঁরা শুধু সমাজ মাধ্যমে দু-চার কথা লিখে বসে থাকতে পারেননি। আজ বেরিয়ে এসে ক্ষুদিরামের প্রতিমূর্তির পাদদেশে প্রতিবাদী সভা করলেন। অন্যায় ও অপসংস্কৃতির বিরুদ্ধে আয়োজিত এই সভার আহ্বায়ক ছিলেন শহরের কয়েকজন সচেতন মহিলা সংগঠক। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ সামিল হন এবং সরব আওয়াজ তোলেন স্পার নামে এই অপসংস্কৃতির বিরুদ্ধে।
তাঁরা এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। দাবি ওঠে শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত ও তাঁর স্ত্রীর গ্রেফতারিরও। ইয়াসির সভাপতি সঞ্জীব রায় অভিযোগ করেন, জেনেবুঝে সস্ত্রীক ভাস্কর গুপ্ত তাদের ঘরে অবৈধ ব্যবসার সুযোগ দিয়েছেন। নইলে একটি ট্রেড লাইসেন্সহীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে কী করে তিনি চুক্তিবদ্ধ হন? দ্বিতীয়ত, ২০২৫ সালে এই স্পা থেকেই কলকাতার লালবাজার পুলিশ এক মহিলাকে তুলে নিয়ে গিয়েছিল, তখন স্পা-টি যে নামে পরিচিত ছিল, আজও তাই আছে। মধ্যবর্তী সময়ে তাঁর সঙ্গে কী করে অন্য নামে চুক্তিবদ্ধ হয় ? এই সবের প্রেক্ষিতে ঝুমুর পান্ডে ভাস্কর গুপ্তকে গ্রেফতারের দাবি জানান। অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় বলেন, শুধু ডা. গুপ্তই নয়, গ্রেফতার করতে হবে তাঁর স্ত্রীকেও।
আইনজীবী ধ্রুব সাহার অভিযোগ, পুলিশ ইচ্ছা করে তদন্তের নামে সময় অতিবাহিত করছে। নইলে এমন ঘটনায় দ্রুত তদন্ত সেরে রিপোর্ট জমা করার কথা।
এই শহরে নিজেদের সন্তানকে নিয়ে সারাক্ষণ উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, এই মন্তব্য করে প্রচণ্ড ক্রোধ ব্যক্ত করেন শান্তশ্রী সোম ও অনুরাধা সেনগুপ্ত। হরিদাস দত্ত, মলয় ভট্টাচার্য, চন্দ্রিমা দত্ত, স্নিগ্ধা নাথ, নবীনা নাথ-রা একই সুরে বলেন, প্রশাসনিক উদাসীনতা ও জনপ্রতিনিধিদের অভিভাবকত্বহীনতার দরুনই শিলচরে নৈতিকতার এই অবনমন ঘটেছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনীল রায়, উত্তমকুমার সাহা, মহীতোষ (আশু) পাল, শিপ্রা পুরকায়স্থ, লিলি বরদিয়া প্রমুখ। বনানী রায়চৌধুরী, আরতি দাশ, জয় বরদিয়া, অশোক দেব, আলি রেজা ওসমানি ও পীযূষ চৌধুরী সারাক্ষণ আন্দোলনকারীদের পাশে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ভারতী ভট্টাচার্য। সঞ্চালনায় ছিলেন বন্দিতা ত্রিবেদী।



