India & World UpdatesHappeningsBreaking News
জিএসটি: নির্মলার ঘোষণাকে স্বাগত অমিত শাহের

ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবারের জিএসটি কাউন্সিল বৈঠকে নতুন দ্বিস্তরীয় কর কাঠামো ঘোষণা করেন। ৫ এবং ১৮ শতাংশ করহার অনুমোদিত হয়েছে এবং তা আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তিনি জানান, স্বাস্থ্য ও জীবনবিমার মতো পরিষেবায় কোনও জিএসটি লাগবে না। পাশাপাশি, বহু প্রয়োজনীয় জিনিসের উপর থেকেও কর কমানো হয়েছে। তাঁর কথায়, এই সংস্কার ভারতের কর ব্যবস্থাকে আরও সরল ও স্বচ্ছ করবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স পোস্টে প্রশংসা করে বলেন, জিএসটি হ্রাস ও প্রক্রিয়া সংস্কার দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য বিশাল স্বস্তি। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসা করা আরও সহজ হবে। তিনি এই সিদ্ধান্তকে ভারতের জন্য একটি “রূপান্তরকারী পদক্ষেপ” হিসেবে বর্ণনা করেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, এই জিএসটি সংস্কার কেবল জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনবে না, বরং ব্যবসায় সহজতা ও ছোট ব্যবসার ক্ষমতায়ন ঘটাবে। তাঁর মতে, আত্মনির্ভর ভারতের পথে এই সিদ্ধান্ত এক সাহসী পদক্ষেপ হিসেবে কাজ করবে।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত সম্রাট চৌধুরী জানান, জিএসটি হার যুক্তিসঙ্গতকরণের বিষয়ে সব রাজ্য একমত হয়েছে। তাঁর মতে, সর্বসম্মতিক্রমে নেওয়া এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনবে।



