Barak UpdatesHappeningsBreaking News

স্বাধীনতা দিবসে শ্রীভূমিতে পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের কথা শোনালেন কৃষ্ণেন্দু

ওয়েটুবরাক, ১৭ আগস্ট : স্বাধীনতা দিবসে শ্রীভূমি শহরের দীর্ঘদিনের জমা জলের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগের উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী জানান, প্রথমবারের মতো শ্রীভূমি পুর এলাকার ২৭টি ওয়ার্ড এবং ৫৫টি গ্রামকে অন্তর্ভুক্ত করে জিআইএস-ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির জন্য গত ৩১ জুলাই থেকে সমীক্ষা শুরু হয়েছে। এই সমীক্ষার মাধ্যমে একটি বিস্তারিত ডেটাবেস তৈরি করে সমগ্র শহরের পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রস্তুত করা হবে।

জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মূল অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পালই আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।  পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্বাধীনতা আন্দোলনে অসমের অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, নাগরিকদের মৌলিক অধিকার ও সরকারি সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্র সরকার কাজ করে চলেছে। একইভাবে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমের বঞ্চিত ও নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

শ্রীভূমিকে আরও সুন্দর ও আধুনিক করে গড়ে তুলতে রাজ্য সরকারের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, শহর এলাকার এনএইচআইডিসিএল-এর অধীনে থাকা রাস্তার কাজ শীঘ্রই শুরু হবে। শহরের পেট্রোল পাম্প থেকে সুতারকান্দি পর্যন্ত প্রায় সাড়ে ১২ কিলোমিটার রাস্তার বর্তমান অবস্থা বিবেচনা করে ‘ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় শহর এলাকার প্রায় ৪ কিলোমিটার এবং করিমগঞ্জ বাজার এলাকার প্রায় ১ কিলোমিটার রাস্তা সিমেন্ট কংক্রিট দিয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাস্তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থারও উন্নয়ন করা হবে। এছাড়া মালুয়া থেকে শ্রীভূমি বাইপাস পর্যন্ত এনএইচ-৩৭সড়কের উন্নয়নের জন্য ‘ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট’ কাজের অনুমোদন ও অর্থ বরাদ্দ হয়েছে। শীঘ্রই এই কাজ শুরু হবে বলেও জানান তিনি।

বর্তমান রাজ্য সরকার বরাক উপত্যকার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে‌ দাবি করে কৃষ্ণেন্দু বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকাকে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে পৃথকভাবে দেখেন না এবং নিয়মিত সফর করে মানুষের সমস্যা ও উন্নয়নের বিষয়গুলি পর্যালোচনা করেন। বরাকবাসীর সুবিধার্থে শ্রীকোণায় ‘অসম সচিবালয়, শিলচর’ নামে পৃথক সচিবালয় গড়ে তোলার কথাও তিনি উল্লেখ করেন। সেখানে মোট ৩২টি সরকারি বিভাগের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে বলে জানান। বরাক উপত্যকার তিন জেলায় সমবিকাশের লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাভূমি হিসেবে উল্লেখ করে শনবিলের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ, পাথারকান্দিতে কৃষি মহাবিদ্যালয় ও এইমসের শাখা স্থাপনের পরিকল্পনা এবং শিলচর থেকে মেঘালয়ের বরাপানী হয়ে গুয়াহাটি পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের জন্য কেন্দ্রের ২২ হাজার কোটি টাকা অনুমোদনের কথাও জানান।

বন বিভাগের ক্যামপা প্রকল্পের আওতায় লোয়াইরপোয়া, চুরাইবাড়ি, পাথারকান্দি ও দোহালিয়া রেঞ্জে নার্সারি স্থাপন করে বিপুল সংখ্যক চারা উৎপাদনের পরিকল্পনা শোনান তিনি। বন সুরক্ষা ও বনভূমি দখলমুক্ত করার অভিযান জোরদার করা হয়েছে, একথা জানিয়ে তিনি বলেন, দোহালিয়া লঙ্গাই সংরক্ষিত বন ইত্যাদিতে অভিযান চালিয়ে মোট ১,০৪১ হেক্টর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker