India & World UpdatesHappeningsBreaking News
শ্রীশ্রীরবিশঙ্করকে পাশে নিয়ে বেঙ্গালুরুতে ধ্যান মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আর্ট অব লিভিঙের ৪৫ বছর পূর্তি

ওয়েটুবরাক, ১০ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং নির্মিত ‘ধ্যান মন্দির’-এর উদ্বোধন করেন। সংগঠনটির ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আজ যে ঐশ্বরিক ও শক্তিশালী ধ্যানমন্দিরের উদ্বোধন হলো, তা এই বার্তাই দেয় যে, সংকল্প যদি স্পষ্ট হয় এবং কাজ যদি সেবার মনোভাব নিয়ে করা হয়, তাহলে প্রতিটি প্রয়াসই সফলতা লাভ করে।” ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধ্যান মন্দির শান্তির স্থান হিসেবে কাজ করবে এবং এটি ধ্যান ও আত্মবিশ্লেষণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
আধ্যাত্মিক সুস্থতাকে জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যোগব্যায়াম, ধ্যান ও মানসিক স্বাস্থ্যের প্রসারে নেওয়া উদ্যোগগুলি একটি শক্তিশালী সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। প্রসঙ্গক্রমে মোদি ভারতের উন্নয়নে যুবসমাজের ভূমিকাও তুলে ধরেন এবং প্রযুক্তি, স্টার্টআপ ও মহাকাশ গবেষণায় দেশের অগ্রগতির কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর কথায়, “একটি উন্নত ভারত গড়ে উঠবে এমন যুবসমাজের মাধ্যমে, যারা মানসিকভাবে শান্ত, সামাজিকভাবে দায়িত্বশীল এবং সমাজের প্রতি সংবেদনশীল। আধ্যাত্মিক সুস্থতা, মানসিক স্বাস্থ্য, যোগ ও ধ্যান এই যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, সুশাসনের ক্ষেত্রে জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেকোনো সরকারের সাফল্যে সমাজের ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান এবং ভারতের সাম্প্রতিক অগ্রগতি ও আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান মর্যাদার উল্লেখ করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে আত্মবিশ্বাস ও উন্নয়নের এক বড় পরিবর্তন দেখা গেছে।
অনুষ্ঠানে আর্ট অব লিভিং ফাউন্ডেশন পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ উন্নয়ন, ডিজিটাল সাক্ষরতা, কারাগার সংস্কার এবং নারী ক্ষমতায়নসহ বিভিন্ন সম্প্রসারিত কর্মসূচির ঘোষণা করে।
প্রসঙ্গত, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন বর্তমানে বিশ্বের ১৮০টিরও বেশি দেশে ধ্যান, মানসিক চাপমুক্তি, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। বেঙ্গালুরুর এই বৃহৎ ধ্যানকেন্দ্র সমবেত ধ্যান ও আধ্যাত্মিক সাধনার জন্য নির্মিত হয়েছে।



