Barak UpdatesHappeningsBreaking News
মাইজগ্রামে ঘর থেকে উদ্ধার মুহুরির হাত-পা বাঁধা দেহ, ডাকাতির সন্দেহ
ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর: শ্রীভূমি জেলার মাইজগ্রামে নিজের বাড়ি থেকে ৬২ বছরের এক মুহুরির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিছানায় হাত-পা বাঁধা এবং মুখে কাপড় গোঁজা অবস্থায় তাঁকে পাওয়া যায়। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
মুহুরি সুশান্ত রায় কর বেশ কয়েক বছর ধরে ওই বাড়িতে একাই থাকতেন। শনিবার সকালে সুশান্তবাবুর এক ভাইপো বাড়িতে এসে তাঁকে বারবার ডাকাডাকি করে কোনও সাড়া না পেলে প্রতিবেশীরা সেখানে জড়ো হন। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তাঁরা দেখতে পান, বিছানায় সুশান্তবাবু নিথর অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর হাত-পা বাঁধা এবং মুখে কাপড় ঢুকিয়ে রাখা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তে নেমে বাড়ির অধিকাংশ দরজা বন্ধ থাকলেও পিছনের একটি দরজা খোলা দেখতে পান তাঁরা। ঘরের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। আলমারি এবং অন্যান্য জিনিসপত্র রাখার জায়গাতেও তল্লাশি চালানোর চিহ্ন মিলেছে। এর থেকেই তদন্তকারীদের সন্দেহ, বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢুকেছিল দুষ্কৃতীরা।
শুক্রবার রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সুশান্তবাবুকে কাবু করে হাত-পা বেঁধে ফেলার পর মূল্যবান সামগ্রীর খোঁজে ঘর তছনছ করেছিল কি না, পুলিশ এখন সেটাই খতিয়ে দেখছে। তাঁকে মারধর করা হয়েছিল কি না এবং বাড়ি থেকে কোনও জিনিসপত্র খোয়া গিয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে ফরেনসিক দলের সদস্যরা গিয়ে নমুনা ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছেন। ডিএসপি, ম্যাজিস্ট্রেট-সহ প্রশাসন ও পুলিশের অন্যান্য আধিকারিকও ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণ পরিস্থিতি এখনও তদন্তাধীন। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। বাড়িতে সন্দেহজনক অনুপ্রবেশ এবং সুশান্তবাবুর মৃত্যুর মধ্যে সরাসরি কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


