Barak UpdatesHappeningsBreaking News
বরাক এডুকেশন সোসাইটির উদ্যোগে ৭৭তম সংবিধান দিবস উদযাপন

ওয়েটুবরাক, ২৭ নভেম্বর: সারা দেশের সঙ্গে সংগতি রেখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৭৭তম সংবিধান দিবস উদযাপন করেছে বরাক উপত্যকার অন্যতম বৌদ্ধিক সংগঠন বরাক এডুকেশন সোসাইটি। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ এবং ‘গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র হিসেবে ভারত: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোসাইটির কার্যকরী সভাপতি ড. শুভদীপ রায়চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নির্ধারিত বিষয়ের ওপর মূল আলোচনা উপস্থাপন করেন সোসাইটির দুই সদস্য বিশিষ্ট আইনজীবী তাজ উদ্দিন লস্কর ও মাহমুদ হাসান মজুমদার।
আইনজীবী তাজ উদ্দিন লস্কর ভারতীয় সংবিধানকে বিশ্বের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ লিখিত সংবিধান হিসেবে উল্লেখ করে এর বিভিন্ন দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। বিশেষ করে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে নাগরিক, রাষ্ট্র ও প্রশাসনিক কাঠামো সম্পর্কিত বিধানগুলি কীভাবে সন্নিবেশিত হয়েছে, তা তিনি তথ্যসমৃদ্ধ বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
অন্যদিকে, আইনজীবী মাহমুদ হাসান মজুমদার সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধার বিভিন্ন দিক বিশ্লেষণ করে বলেন, সংবিধান রাষ্ট্র ও নাগরিক উভয়ের জন্যই পথনির্দেশক হিসেবে কাজ করে। সংবিধান যেমন নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষার নিশ্চয়তা দেয়, তেমনই নাগরিকদেরও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় সংবিধান দেশের বিভিন্ন অঞ্চল, ভাষিক ও ধর্মীয় জনগোষ্ঠীর অধিকার এবং ঐতিহ্য সংরক্ষণের অঙ্গীকার করলেও বাস্তবে বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিজেদের অধিকার রক্ষায় এখনও আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে। সংবিধানপ্রদত্ত অধিকারগুলির যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আলোচনায় অংশ নিয়ে সোসাইটির মুখ্য সমন্বয়ক ড. আবুল হাসান চৌধুরী বিষয়টির বিভিন্ন দিক নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন। সোসাইটির অপর কার্যকরী সভাপতি মিলন উদ্দিন লস্কর ‘সংবিধান দিবসের ভাবনা’ শীর্ষক তাঁর রচিত একটি প্রবন্ধ পাঠ করেন।
আলোচনা সভার সভাপতি ড. শুভদীপ রায়চৌধুরী ভারতীয় সংবিধান প্রণয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের গণপরিষদ সংবিধান গ্রহণ করেছিল এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তা কার্যকর হয়। সংবিধান প্রণয়নের ক্ষেত্রে তৎকালীন অসমের প্রতিনিধিত্ব করেছিলেন স্যার মোহাম্মদ সাদুল্লা। সংখ্যালঘু সম্প্রদায় এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জাতি ও জনজাতির অধিকার সুরক্ষার প্রশ্নে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন, যার বেশ কিছু সংবিধানে প্রতিফলিত হয়েছিল।
আলোচনা শেষে মুখ্য আলোচক আইনজীবী তাজ উদ্দিন লস্কর উপস্থিত সকলকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করান। সভায় সোসাইটির সাধারণ সম্পাদক লাল মিয়া লস্কর, আবুল হোসেন লস্কর-সহ অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গও প্রাসঙ্গিক আলোচনায় অংশগ্রহণ করেন।
সংবিধানের মূল আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার এবং বহুত্ববাদী ভারত গঠনে সাংবিধানিক দায়িত্ববোধের গুরুত্বের বিষয়গুলি আলোচনার মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।



