Barak UpdatesHappeningsBreaking News

‘অসম জেট’-কে খোলা চিঠি, লিখেছেন সঞ্জীব দেব লস্কর

//সঞ্জীব দেব লস্কর//

 

প্রিয় ভাই,

 

তোমার শিলচর আবিষ্কারের ভিডিওটি দেখেছি। তোমার বক্তব্যও মনোযোগ দিয়ে শুনেছি। শিলচরের জনজীবন, সাইনবোর্ডের ভাষা এবং শহর তথা সমগ্র অঞ্চলের ভাষিক পরিচিতি নিয়ে তোমার আক্ষেপ, কোথাও কোথাও উচ্ছ্বাস, সবই আমার নজরে এসেছে। মনে হলো, বিষয়টি নিয়ে তোমার সঙ্গে কয়েকটি কথা বলি।

 

ইতিমধ্যে অনেকে তোমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভর্ৎসনা করেছেন, কেউ কেউ অশোভন ভাষাও ব্যবহার করেছেন। ব্যক্তিগতভাবে আমি এ ধরনের প্রতিক্রিয়ায় বিশ্বাসী নই। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার উত্তর হওয়া উচিত যুক্তি, তথ্য ও ইতিহাসের সাহায্যে। তাই তোমার কাছে কয়েকটি ঐতিহাসিক তথ্য তুলে ধরতে চাই।

 

প্রথমত, অবিভক্ত কাছাড় তথা ব্রিটিশ ভারতের সুরমা উপত্যকা ভৌগোলিক ও ঐতিহাসিক বিচারে গাঙ্গেয় বঙ্গভূমিরই পূর্বাঞ্চলীয় সম্প্রসারিত ভূখণ্ড (Extension of the Gangetic Bengal Plains)। সুপ্রাচীন কাল থেকেই এই অঞ্চল বঙ্গদেশের বৃহত্তর ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল। এখানকার সমাজগঠন, জনবিন্যাস, ভাষা ও সংস্কৃতির বিবর্তনও বঙ্গদেশের ঐতিহাসিক ধারার সঙ্গে সমান্তরালভাবে এগিয়েছে। এই দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়েই এখানকার বৃহৎ জনগোষ্ঠীর বাঙালি পরিচিতি গড়ে উঠেছে।

 

খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে এই অঞ্চল কখনও হরিকেল, কখনও সমতট, কামরূপ কিংবা ত্রিপুরা রাজশক্তির প্রভাবাধীন ছিল। আনুমানিক একাদশ শতকের পরবর্তী সময়ে অঞ্চলটির একটি বড় অংশ শ্রীহট্ট মণ্ডলের রাজনৈতিক কর্তৃত্বের সঙ্গে যুক্ত হয়। পরবর্তী পর্যায়ে ত্রিপুরা রাজশক্তির প্রভাব প্রতিষ্ঠিত হয়। তাদের হাত থেকে খাসপুরকে রাজধানী করে কাছাড়ের শাসনক্ষমতা কোচ রাজশক্তির অধীনে আসে। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে কাছাড়ে আনুষ্ঠানিকভাবে ডিমাসা রাজত্ব প্রতিষ্ঠিত হয়। ১৮৩২ সালে ব্রিটিশ অধিগ্রহণের মধ্য দিয়ে সেই রাজত্বের অবসান ঘটে।

 

এখানে একটি বিষয় বিশেষভাবে স্মরণযোগ্য। ব্রিটিশ শাসনের আগে কাছাড় কখনও বর্তমান প্রশাসনিক অর্থে আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল না। ঔপনিবেশিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই ১৮৭৪ সালে কাছাড়কে সিলেটের সঙ্গে নবগঠিত চিফ কমিশনার শাসিত আসাম প্রদেশের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ, কাছাড়ের বর্তমান প্রশাসনিক অবস্থান তার প্রাচীন ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের স্বাভাবিক পরিণতি নয়, বরং ঔপনিবেশিক প্রশাসনিক সিদ্ধান্তের ফল।

আরও একটি কথা মনে রাখা দরকার। এই অঞ্চলে বাঙালিরা হিমালয়ের ওপার থেকে আসেনি, বঙ্গোপসাগর কিংবা ভারত মহাসাগর পেরিয়েও আসেনি। পূর্বমুখী জনবসতি বিস্তারের দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ায় ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ডের পূর্বপ্রান্তীয় বঙ্গদেশের মধ্য দিয়ে, বিশেষত সিলেট অঞ্চল অতিক্রম করে, তাদের পূর্বপুরুষেরা এখানে বসতি স্থাপন করেছেন। সেই অভিবাসন ও জনবসতি গঠনের ইতিহাস বহু প্রাচীন। অতএব, এখানকার বাঙালিদের ভারতের রাষ্ট্রসীমার বাইরের কোনও ভূখণ্ড থেকে আগত জনগোষ্ঠী হিসেবে দেখার কোনও ঐতিহাসিক ভিত্তি নেই। তাঁদের ভাষা বাংলা, তাঁদের সাংস্কৃতিক উত্তরাধিকারও পূর্ববঙ্গীয় ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

এবার আসি তোমার সাইনবোর্ডের ভাষা এবং বাংলা হরফের বিশেষ একটি রূপ নিয়ে আপত্তির প্রসঙ্গে। শিলচরের সাইনবোর্ডে বাংলা লেখা দেখে কিংবা বর্ণের নিচে ফুটকি-যুক্ত ‘র’ দেখে তোমার যে অস্বস্তি, তারও কিছু ঐতিহাসিক ব্যাখ্যা আছে।

তুমি হয়তো জানো না, বাংলা হরফের এই পরিবর্তনের সঙ্গে শ্রীরামপুর মিশনের ছাপাখানার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। ১৮১০ থেকে ১৮৩০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পঞ্চানন কর্মকার ছাপাখানার উপযোগী ধাতব বাংলা হরফ নির্মাণ ও সংস্কারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুদ্রণপ্রযুক্তির প্রয়োজনেই বাংলা বর্ণমালার কিছু প্রচলিত রূপে পরিবর্তন আসে। তারই ধারাবাহিকতায় পেটকাটা ‘র’-এর পরিবর্তে বর্তমানের বহুল প্রচলিত রূপ প্রতিষ্ঠা পায়। অর্থাৎ, বাংলা হরফের এই রূপ কোনও আঞ্চলিক বিচ্যুতি নয়, বরং বাংলা মুদ্রণ ও লিপি-ইতিহাসের একটি স্বীকৃত বিবর্তনের অংশ।

বাংলা ভাষার উপস্থিতি এই অঞ্চলে কেবল আধুনিক কালের সাইনবোর্ডে সীমাবদ্ধ নয়। এখানকার প্রত্নলিপি, হস্তলিখিত পুঁথি, শিলালিপি, এমনকি পুরনো আদালতের নথিপত্রেও বাংলা ভাষার ব্যবহার ও ঐতিহাসিক উপস্থিতির প্রমাণ রয়েছে। এই সমস্ত উপাদান আমাদের ভাষিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। বিষয়গুলি নিয়ে সামনাসামনি বসে আলোচনা করার সুযোগ পেলে তোমাকে আরও অনেক তথ্য দেখাতে ও বোঝাতে পারতাম।

আমার বিশ্বাস, এই অঞ্চলের জনতত্ত্ব, ভাষাতত্ত্ব ও ইতিহাস সম্পর্কে আরও কিছুটা জানার সুযোগ পেলে তোমার অনেক ধারণার পরিবর্তন ঘটবে। তখন হয়তো ভাষা নিয়ে অহেতুক বিরোধের অসারতাও উপলব্ধি করতে পারবে। ভাষা কোনও জনগোষ্ঠীর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু অন্যের ভাষাকে অস্বীকার করে নিজের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না। ভাষার মর্যাদা রক্ষার প্রকৃত পথ পারস্পরিক শ্রদ্ধা ও স্বীকৃতি।

আমাদের পূর্বসূরিরা যদি এই বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে অসমের বহুভাষিক ও বহুজাতিক বাস্তবতাকে উপলব্ধি করতে পারতেন, তাহলে হয়তো আজকের অসমের রাজনৈতিক ও সামাজিক মানচিত্র অন্যরকম হতে পারত। একসময়ের বৃহত্তর অসম থেকে মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুর পৃথক হয়ে গেছে। বড়ো জনগোষ্ঠীর মধ্যেও নিজস্ব রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের প্রশ্নে অসন্তোষ রয়েছে। এই অভিজ্ঞতা আমাদের শেখায়, বহুত্বকে অস্বীকার করে ঐক্য প্রতিষ্ঠা করা যায় না।

এত অপমান, বঞ্চনা ও নির্যাতনের অভিজ্ঞতা সত্ত্বেও বরাক উপত্যকার বাঙালিরা কখনও অসমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেননি। তাঁরা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদ কিংবা অন্তর্ঘাতের পথও বেছে নেননি। বরং নিজেদের ভাষিক ও সাংস্কৃতিক অধিকারের প্রশ্নে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ ও আন্দোলন করেছেন। এই ইতিহাসটিও তোমাদের জানা প্রয়োজন।

আমার দৃঢ় বিশ্বাস, বাঙালিরা অসমিয়া জনগোষ্ঠীর স্বাভাবিক সহযোগী ও মিত্র হতে পারেন। ইংরেজিতে যাকে বলা হয় Natural Allies। অসমের বৃহত্তর স্বার্থেই দুই জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠা প্রয়োজন। ভাষার প্রশ্নে পরস্পরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে রাখলে কারও কোনও লাভ হবে না।

 

তাই তোমাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। একদিন আমার বাড়িতে এসো, অথবা শিলচরের বঙ্গভবন গ্রন্থাগারে বসে কিছুটা সময় কাটাও। সেখানে তুমি দেখতে পাবে, বাঙালিরা শুধু নিজেদের ভাষাকে ভালোবাসতে জানে না, অন্যের ভাষাকেও যথাযোগ্য মর্যাদা দিতে জানে। বাংলা ভাষার অধিকারের জন্য এ অঞ্চলের মানুষ প্রাণ দিয়েছেন। আবার অন্য কোনও জনগোষ্ঠীর ভাষিক অধিকার বিপন্ন হলে, তারাও সেই অধিকারের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানাতে প্রস্তুত, যদি সংশ্লিষ্ট জনগোষ্ঠী নিজের ভাষার অধিকার সম্পর্কে সচেতন ও সক্রিয় থাকে।

আমাদের ইতিহাসের পাঠ হোক বিভাজনের নয়, পারস্পরিক পরিচয় ও বোঝাপড়ার। ভাষা হোক মানুষের আত্মপ্রকাশের মাধ্যম, বিরোধের অস্ত্র নয়।

 

সস্নেহে ও শুভেচ্ছায়।

সঞ্জীব দেব লস্কর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker