India & World UpdatesAnalytics

আজ ভূপেন হাজরিকার জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান, উষা মঙ্গেশকরকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী

নতুনদিল্লি, ২৮ নভেম্বর : কিংবদন্তি শিল্পী-সুরকার ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে রবিবার নতুনদিল্লিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে প্রবীণ সংগীতশিল্পী উষা মঙ্গেশকরকে ‘ড. ভূপেন হাজরিকা জাতীয় পুরস্কার’ প্রদান করবেন তিনি। আজ সন্ধ্যা ৬টায় ভারত মণ্ডপমে এই অনুষ্ঠান হবে। সেখানে বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। এই পুরস্কারের সঙ্গে ১০ লক্ষ টাকা নগদ অর্থ এবং সম্মানপত্র দেওয়া হবে। প্রতি তিন বছর অন্তর এই পুরস্কার প্রদান করা হবে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন, উষা মঙ্গেশকর এই পুরস্কার গ্রহণ করতে সম্মতি দিয়েছেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তাঁর হাতে সম্মাননা তুলে দেবেন। প্রধানমন্ত্রীর উপস্থিতির মধ্য দিয়ে ভূপেন হাজরিকার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের জাতীয় স্তরের সমাপ্তি ঘটবে। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উদযাপনে সংগীত, সাহিত্য, চলচ্চিত্র ও সমাজজীবনে হাজরিকার অবদান তুলে ধরে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর অসমের সদিয়ায় জন্মগ্রহণ করেন ভূপেন হাজরিকা। তিনি ছিলেন সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও লেখক। তাঁর সৃষ্টির মাধ্যমে অসম ও উত্তর-পূর্ব ভারতের লোকসংগীত এবং সাংস্কৃতিক পরিচিতি দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও পৌঁছে যায়। ‘সুধাকণ্ঠ’ এবং ‘ব্রহ্মপুত্রের কণ্ঠস্বর’ নামে পরিচিত হাজরিকা তাঁর সংগীতের মাধ্যমে সামাজিক সাম্য, মানবিক মর্যাদা, ভ্রাতৃত্ব এবং সাধারণ মানুষের জীবনসংগ্রামের মতো বিষয় তুলে ধরেছেন।

ভারতীয় সংগীত ও চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি একাধিক সম্মান পেয়েছেন। এর মধ্যে রয়েছে দাদাসাহেব ফালকে পুরস্কার। ২০১৯ সালে মরণোত্তর তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। রবিবারের সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় ও রাজ্যস্তরের শিল্পীদের সংগীত পরিবেশনও থাকবে। এর মধ্য দিয়ে ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী শ্রদ্ধার্ঘ্য ও উদযাপনের পরিসমাপ্তি ঘটবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker