India & World UpdatesHappeningsBreaking News
চিন এসে ভারতের কোনও গ্রাম দখল করে নিয়েছে, এমন নয়, দাবি রিজিজুর
ওয়েটুবরাক, ২০ আগস্ট: অরুণাচল প্রদেশে চিনা সেনা ৬০ কিলোমিটার ভারতের ভিতরে ঢুকে পড়েছে। সেই দাবি খারিজ করলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর বক্তব্য, বিষয়টি তেমন নয়। সীমান্তের কিছু অংশ এখনও স্পষ্টভাবে চিহ্নিত করা হয়নি। তাই ভারত ও চিনের দিকে থাকা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সীমান্ত নিয়ে আলাদা ধারণা রয়েছে। সেখান থেকেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।
তবে তিনি এটাও জানিয়েছেন, অরুণাচল সীমান্তে চিনের সামরিক তৎপরতা বেড়েছে। বিশেষ করে লংজু এলাকার সামনে একটি জায়গায় চিনা পিপলস লিবারেশন আর্মি কিছু কাঠামো তৈরি করেছে। সেখানে গ্রামের মতো দেখতে একাধিক ভবনও তৈরি করা হয়েছে বলে জানান রিজিজু।
তাঁর দাবি, ওই এলাকা ১৯৫৯ সাল থেকেই চিনের নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৬২ সালের পর সেখানে চিন আরও শক্তভাবে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে। ভারতীয় সীমান্তেও বর্তমানে একটি পোস্ট রয়েছে। তবে ১৯৬২ সালের পর থেকে ওই এলাকায় ভারত ও চিনের মধ্যে যাতায়াত বন্ধ। রিজিজু আরও জানান, ওই এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলেও চিনা সেনার গতিবিধি সাম্প্রতিক সময়ে বেড়েছে। স্থানীয় বাসিন্দারা যে উদ্বেগ প্রকাশ করছেন, সেটিকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।


