Barak UpdatesHappeningsBreaking News
প্রগতিশীল কৃষক বিনয় কুমার নাথের জীবনাবসান
ওয়েটুবরাক, ২০ আগস্ট: শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত হাসনপুর গ্রামের প্রবীণ নাগরিক এবং সত্তর দশকের প্রগতিশীল কৃষক বিনয় কুমার নাথ (মণ্টু) গত ১৮ আগস্ট বিকাল পাঁচটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বিনয় নাথ সত্তরের দশকে একজন প্রগতিশীল কৃষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। শিলচর আকাশবাণীর কৃষিকথার আসরে বিভিন্ন সময় অংশগ্রহণ করে নিজের অভিজ্ঞতার কথা জনসাধারণের মধ্যে তুলে ধরেছেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে কীভাবে অল্প জমিতে অধিক ধান বা মরশুমি সবজি চাষ করা যায়, তা তিনি হাতে-কলমে করিয়ে দেখিয়েছেন। কৃষি বিষয়ক বিভিন্ন কর্মশালায় তাঁর পরামর্শ কৃষি আধিকারিকরা গ্রহণ করতেন। তাছাড়াও বিনয় নাথ নানারকম সামাজিক কার্যকলাপে নিজেকে জড়িয়ে রাখতেন।
তাঁর মৃত্যুসংবাদে এ অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। অনেকেই তাঁর বাড়িতে ছুটে যান এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনী সহ অসংখ্য গুণমুগ্ধদের।

