Barak UpdatesHappeningsBreaking News
কলকাতায় গিয়ে গৌতম রায়ের হাতে তুলে দেওয়া হলো উনিশের পদক

ওয়েটুবরাক, ২৯ মে : কলকাতায় গিয়ে উনিশের পদক তুলে দেওয়া হলো প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের হাতে।
ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি এবারের উনিশের পদকের জন্য তাঁকে মনোনীত করে। গত ১৮ মে ভাষাশহিদ স্টেশন, শিলচরের উনিশের মঞ্চে তাঁর হাতে আনুষ্ঠানিক ভাবে তা তুলে দেবার কথা ছিল । কিন্তু শারীরিক সমস্যার কারণে গৌতম রায় ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির অন্যতম কর্মকর্তা, শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত থেকে গৌতম রায়ের হয়ে তা গ্রহণ করেন সমিতির সভাপতি বাবুল হোড়। আজ শুক্রবার তিনি গৌতম রায়ের কলকাতার বাড়িতে গিয়ে “উনিশের পদক ২০২৬” তাঁর হাতে তুলে দেন। প্রথমে উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং পরে মর্যাদাসম্পন্ন উনিশের পদক এবং উপহার হিসেবে শহিদ কমলা ভট্টাচার্যকে নিয়ে লেখা বর্ণালী ভট্টাচার্যের একটি বই প্রদান করেন। সে সময় পাশে ছিলেন তাঁর সহধর্মিণী, প্রাক্তন বিধায়ক মন্দিরা রায়।
উল্লেখ্য, দলমত নির্বিশেষে বরাকের সকল জনপ্রতিনিধি একসময় গৌতম রায়ের নেতৃত্বে ভাষাশহিদ নামকরণের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং এই বিষয়ে আসাম সরকারের মান্যতা দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। তাছাড়াও ভাষাশহিদদের পরিবারের সদস্যদের গৌতম রায় স্বতঃস্ফূর্ত সহায়তা করে গেছেন।



