India & World UpdatesHappeningsBreaking News
প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে পশ্চিমবঙ্গের বরাদ্দ খতিয়ে দেখছে বিভিন্ন মন্ত্রক
ওয়েটুবরাক, ২৮ মে : টাকার অভাবে পশ্চিমবঙ্গের কোনও উন্নয়নমূলক কাজ যাতে আটকে না থাকে, তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর থেকে বিভিন্ন মন্ত্রকের কাছে এই নির্দেশ গিয়েছে। আর সেই নির্দেশের পরেই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে জোর তৎপরতা শুরু হয়েছে।
বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কীভাবে পশ্চিমবঙ্গকে বেশি অর্থ বরাদ্দ করা যায়, তা খতিয়ে দেখা শুরু করেছে অর্থ মন্ত্রক ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলি। শুধু তাই নয়, বিপর্যয় মোকাবিলা তহবিল, পরিকাঠামো উন্নয়ন, আবাসন, গ্রামীণ সড়ক, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে বাংলার যে বকেয়া অর্থ আটকে রয়েছে, তা দ্রুত মেটানোর রাস্তাও খোঁজা হচ্ছে।

বিশেষ করে গ্রামীণ উন্নয়ন, সড়ক পরিবহণ, আবাস যোজনা ও বিপর্যয় মোকাবিলা খাতে দ্রুত অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রের ভাবনা, চলতি প্রকল্প ও বিশেষ বরাদ্দের কাঠামোর মধ্য দিয়েই বাংলাকে বাড়তি সুবিধা পৌঁছে দেওয়া। অতীতে বিহার ও অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে যে কৌশল নেওয়া হয়েছিল, বাংলার ক্ষেত্রে সেই পথেই হাঁটতে চাইছে মোদি সরকার।
বিজেপি চাইছে দ্রুত উন্নয়নমূলক কাজের গতি দেখাতে। আর তার জন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থের জোগান। আগামী জুন মাসেই রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই ‘চমক’ রাখতে হলে রাজ্যের হাতে পর্যাপ্ত অর্থ জরুরি। কেন্দ্রও তা ভালোভাবেই বুঝছে। বাংলাকে ঘিরে কেন্দ্রের এই সক্রিয়তা আগামী দিনে জাতীয় রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ হতে পারে।


