India & World UpdatesHappeningsBreaking News
অমিত শাহের পর শুভেন্দুর সঙ্গে বৈঠক প্রসেনজিতের

ওয়েটুবরাক, ১০ জুলাই: সোমবার বিকেলে অমিত শাহের সঙ্গে দেখা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক এবং লকেট চট্টোপাধ্যায়। এই সাক্ষাতের কথা জানাজানি হতেই আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এই গুঞ্জনের মধ্যেই এবার নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন প্রসেনজিৎ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিনেতার এই বৈঠক, সেই গুঞ্জনকে আরও কিছুটা মাত্রা দেয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন শতাব্দী রায়, ইউসুফ পাঠান-ও।
গত সোমবার রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তৃণমূলের সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক পদত্যাগ করার পর যে তিন আসন খালি রয়েছে সেই আসনের ভোট হবে আগামী ২৪ জুলাই। এই ভোটের আবহে বারবার বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ দেখে অনেকেরই মনে হয়েছিল, বিজেপি বোধ হয় বাংলা সিনেমার দীর্ঘদিনের এই অভিনেতাকে রাজ্যসভায় পাঠাতে চলেছে। বৃহস্পতিবার দলের প্রার্থী তালিকা প্রকাশের পর অবশ্য ওই অনুমান ভুল বলে প্রমাণিত হয়।
তবে বৈঠকের নেপথ্যের আসল কারণ নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ নিজেই। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, রাজনৈতিক বিষয় নিয়ে কোনও কথা হয়নি। উত্তমকুমারের ১০০-তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ উদযাপন নিয়ে হয়েছে আলোচনা।
প্রসেনজিৎ বলেন, ‘উত্তম জেঠুর ১০০ বছরের বিশেষ উদযাপন নিয়ে একটি পরিকল্পনা করা হয়েছে। আমার মনে হয় উত্তমকুমার শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভালোবাসার মানুষ নয়, গোটা ভারতবর্ষে এমনকি বিশ্বের কাছেও তিনি মহানায়ক। উত্তমকুমারের ১০০ বছর জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজনের চিন্তাভাবনা করা হয়েছে, সেই কথা বলতেই আমার নবান্নে যাওয়া।’


