India & World UpdatesAnalyticsBreaking News

যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব সাংসদ কণাদের

ওয়ে টু বরাক, ২৬ মে : মঙ্গলবার নতুনদিল্লিতে কেন্দ্রীয় যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে। ছিলেন কমিটির অন্যতম সদস্য রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থও। টেলি যোগাযোগ এবং তথ্য-প্রযুক্তির গুরুত্বপূর্ণ কয়টি প্রস্তাব পেশ করেন তিনি।

টেলি যোগাযোগ পরিষেবার শক্তিশালীকরণ, গ্রাহক সুরক্ষা এবং ডিজিটাল অন্তর্ভুক্তি সংক্রান্ত বিষয়ে পেশ করা সাংসদের প্রস্তাবের মধ্যে রয়েছে, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতবর্ষ যখন ৫জি এবং পরবর্তী প্রজন্মের যোগাযোগ প্রযুক্তি সহ উন্নত ডিজিটাল সংযোগের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সাধারণ নাগরিকদের জন্য বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষের জন্য টেলিযোগাযোগ পরিষেবা নির্ভরযোগ্য, সহজলভ্য এবং সাশ্রয়ী রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ।

সাংসদ কণাদ পুরকায়স্থ উল্লেখ করেন, টেলি যোগাযোগ বিভাগ এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) রিয়েল-টাইম কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) পর্যবেক্ষণ ও ট্র্যাক করার জন্য একটি কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। যার মাধ্যমে নেটওয়ার্ক বিঘ্নিত হওয়া, কল ড্রপ, ইন্টারনেট স্পিডের সমস্যা এবং পরিষেবার ঘাটতি দ্রুত শনাক্ত করা যাবে। এর ফলে শহরাঞ্চল ও গ্রামাঞ্চল জুড়ে বৃহত্তর গ্রাহক পরিষেবা দ্রুত উন্নত হতে পারে। বিশেষ করে আবাসিক কমপ্লেক্স, অফিস ভবন, হাসপাতাল, শপিং সেন্টার এবং পাবলিক পরিকাঠামোর স্থানগুলিতে দুর্বল “ইন-বিল্ডিং” মোবাইল নেটওয়ার্ক কভারেজের দীর্ঘস্থায়ী সমস্যাটির প্রতি জরুরি পদক্ষেপ আবশ্যক বলে মনে করেন তিনি।

এছাড়াও টেলিকম অপারেটরদের সরকারের সঙ্গে সমন্বয় করে ইনডোর কানেক্টিভিটি উন্নত করার জন্য উপযুক্ত পরিকাঠামো পরিকল্পনা এবং সিগন্যাল বৃদ্ধিতে পদক্ষেপ প্রয়োজন। টেলিকম পরিষেবা প্রদানকারীদের (টিএসপি) স্বল্প আয়ের ব্যবহারকারী, প্রবীণ নাগরিক, গ্রামীণ গ্রাহক এবং সীমিত ডিজিটাল চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সাশ্রয়ী মূল্যের “শুধুমাত্র ডেটা” এবং “শুধুমাত্র ভয়েস” রিচার্জ প্যাক চালু করতে উৎসাহিত করা যেতে পারে। এধরনের নমনীয় রিচার্জ বিকল্পগুলি ডিজিটাল অন্তর্ভুক্তিকে উৎসাহিত করবে এবং সমাজের দুর্বল অংশকে আর্থিক সহায়তা প্রদান করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন রাজ্যসভার সাংসদ।

অনলাইন বিষয়বস্তুর প্রতি বৈষম্যমূলক আচরণ প্রতিরোধ করতে এবং নেট নিরপেক্ষতার নীতি সমুন্নত রাখার গুরুত্ব আরোপ করে সুস্পষ্ট নির্দেশিকা ও একটি শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের প্রস্তাব ও পেশ করেন তিনি। তাঁর মতে, একটি উন্মুক্ত, ন্যায্য ও গণতান্ত্রিক ডিজিটাল বাস্তুতন্ত্র বজায় রাখার জন্য সব ইন্টারনেট ট্র্যাফিকের প্রতি সমান আচরণ অপরিহার্য, যা উদ্ভাবন, প্রতিযোগিতা এবং তথ্যে সমান প্রবেশাধিকারকে উৎসাহিত করবে। বৃহত্তর জনস্বার্থে উপরোক্ত প্রস্তাবনাগুলো রূপায়ণে কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker