Barak UpdatesHappeningsBreaking News
বরাকে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে শনিবার কাঁচাকান্তি বিদ্যামন্দিরে সচেতনতা সভা, স্বাক্ষর সংগ্রহ অভিযান

ওয়েটুবরাক, ২৪ মে: বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দীর্ঘদিনের দাবির সমর্থনে “হাই কোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি, কাছাড় জেলা ইউনিট, শিলচর”-এর উদ্যোগে আগামী ৩০ মে শনিবার দুপুর ১২টায় কাঁচাকান্তি বিদ্যামন্দিরে এক সচেতনতা সভা আহ্বান করা হয়েছে। পরে বিকাল ৩টায় উধারবন্দস্থিত শ্রীশ্রী কাঁচাকান্তি মন্দির প্রাঙ্গণে এক গণস্বাক্ষর অভিযানের সূচনা হবে। আয়োজকরা জানিয়েছেন, পরবর্তীতে সমগ্র বরাক উপত্যকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এই গণস্বাক্ষর অভিযান পরিচালিত হবে এবং সর্বস্তরের সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষ হাইকোর্টে বিচার সংক্রান্ত কাজে গুয়াহাটিতে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। শত শত কিলোমিটার দূরে গুয়াহাটি গমনাগমন করতে গিয়ে সাধারণ বিচারপ্রার্থীদের চরম আর্থিক ব্যয়, সময়ের অপচয়, শারীরিক কষ্ট ও মানসিক দুর্ভোগের সম্মুখীন হতে হয়। বহু দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার শুধুমাত্র আর্থিক অসুবিধা এবং দূরত্বের কারণে যথাসময়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন না। ফলে ন্যায়বিচার লাভের সাংবিধানিক অধিকার অনেক ক্ষেত্রেই কার্যত ব্যাহত হচ্ছে।
তাঁদের কথায়, বিশেষত বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলের জনগণের জন্য একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ বর্তমান সময়ের এক অত্যন্ত জরুরি ও মানবিক প্রয়োজন। বরাক উপত্যকার যে কোনও স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষ সহজ, দ্রুত এবং স্বল্প ব্যয়ে ন্যায়বিচার লাভের সুযোগ পাবেন। তখন বিচার ব্যবস্থাকে আরও বিকেন্দ্রীকরণ করার পাশাপাশি সাধারণ মানুষের নিকট বিচার ব্যবস্থাকে অধিকতর সহজলভ্য ও কার্যকর করে তুলবে।
কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, এই গণস্বাক্ষর অভিযান কেবলমাত্র একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং বরাক উপত্যকার মানুষের সাংবিধানিক অধিকার, বিচার সমতা এবং প্রশাসনিক ন্যায্যতার দাবিতে এক বৃহত্তর গণআন্দোলনের অংশ। আগামী দিনে বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এলাকা, সামাজিক সংগঠন এবং বিভিন্ন জনবহুল স্থানে গিয়ে সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হবে।
কমিটির পক্ষ থেকে আরও জানানো হয় যে, গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতির সঙ্গে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির এক প্রতিনিধিদল শীঘ্রই সাক্ষাৎ করবে। উক্ত প্রতিনিধিদল প্রায় পনেরো হাজার সাধারণ মানুষের গণস্বাক্ষর সম্বলিত এক স্মারকপত্র মুখ্য বিচারপতির কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করবেন। তৎসঙ্গে বরাক উপত্যকায় একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, ভৌগোলিক বাস্তবতা, বিচারপ্রার্থীদের দুর্ভোগ, প্রশাসনিক সুবিধা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সম্ভাব্য অবকাঠামোগত দিকসমূহ বিস্তারিতভাবে উল্লেখ করে একটি ভিশন ডকুমেন্টও প্রদান করা হবে।



