Barak UpdatesHappeningsBreaking News
নাগাটিলা বিআরটিএফ ক্যাম্পাসে “ধ্যান’ কর্মশালা Dhyan Se Gyan” Workshop held at Nagatilla Project Pushpak Campus

ওয়েটুবরাক, ১৬ ফেব্রুয়ারি : মহাশিবরাত্রি উপলক্ষে “যৌগিক ওয়েলনেস অ্যান্ড মেডিটেশন” কর্মশালা হয়ে গেল নাগাটিলা গ্রেফ ক্যাম্পাসে। আয়োজন করেছে ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস (আইওয়াইইআরএইচএস)। ব্যবস্থাপনায় ছিল ৫১০ এসএস-টিসি প্রজেক্ট পুস্পক, শিলচর। সহযোগিতায় শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন। ইনস্টিটিউট ফর যোগ এডুকেশনের প্রজেক্ট ‘ধ্যান সে জ্ঞান’-এর অন্তর্গত ছিল এই কর্মশালা। শুরু হয় ১৫ ফেব্রুয়ারি, রবিবার সকাল সাড়ে সাতটায়। স্বাগত ভাষণের পর কর্মশালার আনুষ্ঠানিক ঘোষণা করেন গ্রেফের কমান্ডিং অফিসার কর্নেল অমিত আগরওয়াল।
ওইদিনের প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে ছিলেন যোগাচার্য রাহুল ও শতাক্ষী ভট্টাচার্য। যোগ প্রতিষ্ঠানের তরফে বিক্রমজিৎ চক্রবর্তী, ড. তুহিন দেশমুখ্যও উপস্থিত ছিলেন। বিশেষ ধ্যান ছাড়াও সহজ প্রাণায়াম, স্ট্রেস ম্যানেজমেন্টের প্রাথমিক কলা-কৌশল’কে গুরুত্ব দেওয়া হয় অনুশীলন পর্বে। বৈদিক মন্ত্রও পাঠ করা হয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। আত্ম চেতনার বিকাশ ও চাপ মুক্তির উপায় হিসাবে নিয়মিত ধ্যান অভ্যাসের সংকল্প নিয়ে শেষ হয় কর্মশালা। অংশগ্রহণকারী প্রত্যেক আধিকারিক ও কর্মীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস-এর তরফে।

কর্নেল অমিত আগরওয়াল বলেন, মন ও শরীরকে সতেজ রাখতে এমন অভ্যাস খুব প্রয়োজনীয়। তাই আগামী দিনেও নিয়মিত এমন যৌগিক ওয়েলনেস কর্মসূচির উদ্যোগ নেওয়া হবে গ্রেফের তরফে। এতে প্রশিক্ষার্থীরা লাভবান হবেন বলেও আশা প্রকাশ করেন কর্নেল অমিত।
প্রসঙ্গত ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের সদস্য সংস্থান হিসেবে অনুমোদিত ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস।




