NE UpdatesAnalyticsBreaking News
শুক্রবার সকালে মুক্তি পাচ্ছে জুবিনের রৈ রৈ বিনালে
উত্তরপূর্বে ৯১টি স্ক্রিনে, সারা দেশে ৮৫টি স্ক্রিনে প্রদর্শনী

গুয়াহাটি, ৩০ অক্টোবর : আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। শুক্রবার মুক্তি লাভ করবে প্রাণের শিল্পী জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’। রাজ্যের প্রতিটি ছবি ঘরে মুক্তি পাওয়ার পাশাপাশি বাইরের রাজ্যেও ছবিটি মুক্তি পাবে। অন্যদিকে এই ছবিটি মুক্তি পাওয়ার আগেই রেকর্ড সৃষ্টি করেছে।
এই প্রথমবারের জন্য একটি অসমীয়া ছবি ভোর পাঁচটা থেকে শুরু হবে প্রদর্শন। মুক্তি পাওয়ার আগেই গত এক সপ্তাহ ধরে ছবিটির প্রতিটি শো হাউস ফুল হয়ে পড়েছে। ছবিটি মুক্তি পাওয়ার পর প্রদর্শনী সংক্রান্ত চলচ্চিত্র বিতরক সংস্থা ইউএফও-র ইস্টার্ন জোনের প্রধান সৌরভ দত্ত জানান, আমাদের কাছে বুধবার সন্ধ্যা পর্যন্ত যে সংখ্যাটা ছিল, সে অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলের প্রায় ৯১টি স্ক্রিনে এই ছবি মুক্তি লাভ করবে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের বাইরে প্রায় ৮৫টি স্ক্রিনে ছবিটি মুক্তি পাবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিদিন অন্তত দেড় লক্ষ মানুষ এই ছবিটি দেখবেন।
ছবিটির অগ্রিম বুকিং খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে হাউসফুল হয়ে পড়েছে প্রতিটি শো। টিকিট পাওয়ার জন্য বহু দর্শককে হাহাকার করতে দেখা গেছে। এর আগে সিনেমা হল কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, অসমের প্রতিটি মানুষ ছবিটি না দেখা পর্যন্ত সিনেমা হলে এটি চলতে থাকবে।
সৌরভ বলেন, বর্তমানে এই ছবিটি শুধুমাত্র অসমীয়া মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। জুবিন গার্গকে যারা ভালোবাসেন, প্রতিটি মানুষ নিশ্চয়ই ছবিটি দেখবেন। ফলে দুমাস ধরে বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি চলতে থাকবে। অবশ্য তারপরও তিন চার মাস ধরে ছবিটি চলার সম্ভাবনা রয়েছে। গুয়াহাটিতে বর্তমানে ৩৩ টি স্ক্রিনে ছবিটি প্রদর্শিত হবে। তবে কিছুদিন পর হয়তো স্ক্রিনের সংখ্যা কমে যাবে। কিন্তু যেসব এলাকায় সিনেমা হলের সংখ্যা কম, সেখানকার মানুষের ছবিটি দেখতে গিয়ে হয়তো ছয় মাস থেকে এক বছর পর্যন্ত হয়ে যেতে পারে।
এ ব্যাপারে সৌরভ দত্ত বলেন, ভোর পাঁচটা থেকে শো এর আগে অসমের কোথাও হয়নি। শুধু অসমীয়া ছবিই নয়, হিন্দি বা ইংরেজি ছবির প্রদর্শনীও এর আগে কখনও ভোর পাঁচটা থেকে শুরু হয়নি। জানা মতে, এর আগে avengers endgame ছবির শো সকাল ৬টা থেকে শুরু হয়েছিল। তবে ভোর ৫টা থেকে কোনও ছবির শো এই প্রথম।
উল্লেখ্য, রৈ রৈ বিনালের কাহিনী জুবিন গার্গের। এর পরিচালক রাজেশ ভূঁইয়া। এই ছবিতে জুবিন গার্গের সঙ্গে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, জয় কাশ্যপ, আচুর্য বরপাত্র, মৌসুমী আলিফা, উজ্জ্বল রাজখোয়া, মিতালী রায়, আঙুরলতা ডেকা প্রমুখ।



