Barak UpdatesHappeningsBreaking News

কাটিগড়ার ভারত-বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতী হামলা, জখম বিএসএফ জওয়ান সহ ২ ভারতীয় নাগরিক

ওয়ে টু বরাক, ১ আগস্ট : কাটিগড়ার ভারত–বাংলাদেশ সীমান্তে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাংলাদেশি চোরদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন কর্তব্যরত এক বিএসএফ (সীমান্ত সুরক্ষা বাহিনী) জওয়ান এবং স্থানীয় দুই ভারতীয় নাগরিক। সীমান্তে চলমান ফেন্সিং-এর কাজের সামগ্রী চুরির সময় বাধা দেওয়াতেই এই হামলা চালায় বাংলাদেশি চোরের দলটি। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার ভারত–বাংলাদেশ সীমান্তের কাটিগড়া এলাকার কিন্নরখালে।

গত দুই মাস ধরে কেন্দ্র সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ চালিয়ে যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে ফেন্সিং-এর কাজ চলাকালীন সীমান্তের এক অংশে দুই বাংলাদেশি যুবক অবৈধভাবে প্রবেশ করে এবং লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনাটি দেখতে পেয়ে, কর্তব্যরত এক জওয়ান ওই দুই বাংলাদেশিকে বাধা দিতে এগিয়ে যান। কিন্তু তাঁর বাধা উপেক্ষা করে চোরেরা সামগ্রী নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় জওয়ানটি তাঁদের কিছুটা দূর পর্যন্ত ধাওয়া করেন। ঠিক তখনই ৮ থেকে ১০ জনের একটি বাংলাদেশি যুবকের দল ধারালো অস্ত্র নিয়ে জওয়ানটির ওপর হঠাৎ হামলা চালায়।

জওয়ানের ওপর হামলার দৃশ্য দেখে, স্থানীয় দুই ভারতীয় নাগরিক সাহায্য করতে এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় বিএসএফ জওয়ান এবং দুই ভারতীয় নাগরিক গুরুতর আহত হন। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker