Barak UpdatesHappeningsBreaking NewsFeature Story
ভাবীকালের রতন থিয়াম স্মরণ

ওয়েটুবরাক, ১ আগস্ট: উত্তর-পূর্ব ভারতের নাট্যাকাশের অনন্য উজ্জ্বল ধ্রুবতারা রতন থিয়াম-এর মহাপ্রয়াণে শোকস্তব্ধ বরাক উপত্যকার অন্যতম প্রখ্যাত নাট্যদল ‘ভাবীকাল’ গত ৩০শে জুলাই, বুধবার আয়োজন করে ‘রতন থিয়াম স্মরণ সভা’ র। সভাটি অনুষ্ঠিত হয় সংস্থার কার্যালয় গৃহে। উক্ত সভায় বলিষ্ঠ নাট্যব্যক্তিত্ব প্রয়াত রতন থিয়ামের বিভিন্ন সৃজনশীল কলাকর্ম তথা দীর্ঘ নাট্য জীবনযাত্রার পরিক্রমা ও পর্যালোচনা করার মাধ্যমে তাঁকে শ্রদ্ধার্ঘ জানানো হয়।

শুরুতেই সংস্থার কার্যাধ্যক্ষ শান্তনু পাল উক্ত সভার উদ্দেশ্য সম্পর্কে উপস্থিত শোকাহত নাট্যপ্রেমীদের অবগত করান। বিশদ বক্তব্য তুলে ধরেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. দেবাশিস ভট্টাচার্য। তিনি ধীশক্তিসম্পন্ন এই নাট্যপরিচালকের গোটা জীবনবৃত্তান্ত শ্রোতাদের অভিমুখে উচ্চারণ করেন।

শহরের বিশিষ্ট নাট্যকর্মী তথা নাট্যকার ইন্দ্রনীল দে বিশ্ববরেণ্য নাট্য ব্যক্তিত্ব রতন থিয়ামের বিভিন্ন নাটক যেমন ‘চক্রব্যূহ’, ‘উরুভঙ্গম’, ‘উত্তর প্রিয়দর্শী’ প্রভৃতি নাটকের সূক্ষ্ম নাট্যশৈলী ও থিয়েটার অব রুটস সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, “রতন থিয়ামের নাটক মঞ্চে দেখা এক জীবনব্যাপী অভিজ্ঞতার স্বাক্ষর। থিয়াম বলতেন তিনি জানেন না থিয়েটার কী? যেদিন জেনে যাবেন সেদিন যবনিকা পড়বে তাঁর নাট্যভাবনায়। আসলে নাটক মানে যে নাটককে জানা সেটাই তিনি আজীবন বোঝাতে চেয়েছেন।”

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বিশ্বজিৎ শীল বিশ্ববরেণ্য নাট্যপ্রতিভা রতন থিয়ামের তথ্যচিত্র নির্মাণের সূত্র ধরে তাঁর সান্নিধ্য লাভ, একান্ত মুহূর্তের কথোপকথনের স্মৃতিচারণ সহ তাঁর নাটকতৈরির দক্ষতা সম্পর্কে স্ব-অভিজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন যে, ”ভাষার ঊর্ধ্বে গিয়ে সম্বোধন যে সম্ভব তাঁর নাট্যপরিভাষা তার-ই উদাহরণ।” পরবর্তীতে বিশ্বজিৎ শীলের দ্বারা নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এবং নীরবতা পালনের মাধ্যমে আত্মার সদগতি কামনা করে স্মরণ সভা সমাপ্ত হয়।
এ দিনের সভায় উপস্থিত ছিলেন ‘ভাবীকাল’-এর সভাপতি রঞ্জন কুমার দাস, সায়ন্তনী পাল, পল্লব ভট্টাচার্য, সংস্থার অন্যান্য নাট্যকর্মী, ইম্ফল থেকে আগত সাংবাদিক হেরোজিৎ সিংহ ও শহরের নাট্যপ্রেমীরা।



