India & World UpdatesHappeningsBreaking News
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

ওয়েটুবরাক, ১৭ জুন: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার মধ্য সুলাওয়েসি প্রদেশে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৩৮ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, সেতু, সরকারি ভবন এবং ধর্মীয় উপাসনাস্থল। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, সিগি অঞ্চলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহ করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, এর উৎস ছিল পালু শহরের দক্ষিণ-পূর্বে প্রায় ৪২ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ফলে কম্পনের তীব্রতা ব্যাপকভাবে অনুভূত হয়। প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অন্তত ৬৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একাধিক সেতু, অফিস এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ফাটল ধরেছে। মধ্য সুলাওয়েসির তিনটি অঞ্চলকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ফলে উদ্ধারকাজ এবং ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল এবং জরুরি পরিষেবার কর্মীদের মোতায়েন করা হয়েছে।
২০১৮ সালে পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প এবং তার পরবর্তী সুনামিতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।



