India & World UpdatesHappeningsBreaking News
ট্রাম্পের হুমকির পরেই পড়ল শেয়ার বাজার

ওয়েটুবরাক, ৯ জুলাই: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে অন্তর্বর্তী চুক্তি আর মেনে চলবে না আমেরিকা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পরেই বুধবার হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজার। ডলারের সাপেক্ষে অনেকটা নামল টাকার দাম। বিশ্ব বাজারে ব্যারেল পিছু ৪ ডলারেরও বেশি বেড়ে ফের ৭৮ ডলার ছাড়াল অশোধিত তেলের দর।
এ দিন এক ধাক্কায় ১৬৭৭.১২ পয়েন্ট নেমে সেনসেক্স দাঁড়িয়েছে ৭৬,৫০৩.৬০ অঙ্কে। নিফ্টি ৫১৬.৬৫ কমে হয়েছে ২৩,৮৮২.০৫। বিএসই-র লগ্নিকারীরা হারিয়েছেন ৮.৯৬ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। ডলার ৫২ পয়সা উঠে হয়েছে ৯৫.৪৮ টাকা। বিশ্ব বাজারে ফের চড়তে থাকা তেলই এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। বাজার মহলের আশঙ্কা, তেলের দাম বাড়ায় ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডার তথা অর্থনীতি নতুন করে চাপে পড়তে পারে।
তবে এ দিন শেয়ার সূচক পড়লেও, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতে ১৯৬২.৮ কোটি টাকার শেয়ার কিনেছে। যদিও সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৩.৪৫ লক্ষ কোটির বেশি তুলে নিয়েছে তারা। এ দিন দেশীয় লগ্নিকারী সংস্থাগুলিও ঢেলেছে ৭৯০.১৬ কোটির পুঁজি। এ বছর তাদের বিনিয়োগ ৪.৭৬ লক্ষ কোটির বেশি।


