NE UpdatesHappeningsBreaking News
এক কোটি চারাগাছ লাগানোর লক্ষ্যমাত্রা অসমে
ওয়েটুবরাক, ৯ জুলাই: আগামী ১০ থেকে ১৪ অগস্ট রাজ্য জুড়ে ‘অমৃত বৃক্ষ আন্দোলন’ কর্মসূচির মাধ্যমে এক কোটি চারা গাছ রোপণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে অসম সরকার। ৭৭তম বনমহোৎসব উপলক্ষে পবিতরা অভয়ারণ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া এই কর্মসূচি ঘোষণা করেন।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, নবম শ্রেণি থেকে শুরু করে কলেজ পর্যায় পর্যন্ত অন্তত ১০ লক্ষ ছাত্রছাত্রী এই অভিযানে অংশ নেবে। প্রত্যেককে ১০টি করে চারা রোপণ করতে হবে, যার মাধ্যমে এক কোটি গাছ লাগানোর লক্ষ্য পূরণ করা হবে। গাছগুলির দীর্ঘমেয়াদি সংরক্ষণ নিশ্চিত করতে সরকার সারভাইভাল-ভিত্তিক প্রণোদনা ব্যবস্থা চালু করেছে। জিও-ট্যাগিংয়ের মাধ্যমে যে সব ছাত্রছাত্রী সফল ভাবে গাছগুলির পরিচর্যা করবে, তাদের ‘বৃক্ষ বন্ধু’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এ ছাড়া ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা মিশন (গ্রামীণ)’-এর আওতায় প্রতিটি অংশগ্রহণকারী ছাত্রছাত্রীকে একজন জব কার্ডধারী সহযোগিতা করবেন।
সরকারের পরিকল্পনা, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ‘জন্মদিন সেউজ শপথ উদ্যান’ গড়ে তোলা হবে। এর প্রথম উদ্যানটি সোমবার কামরূপ (মেট্রো) জেলার সোনাপুরের টোপাতলিতে, উদ্বোধন করেন পরিবেশমন্ত্রী। রাজ্য সরকারের মতে, অমৃত বৃক্ষ আন্দোলন শুধুমাত্র বৃক্ষরোপণ কর্মসূচি নয়; এটি অসমের বন, নদী, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার লক্ষ্যে জনসাধারণের সম্মিলিত অঙ্গীকারের প্রতীক।


