Barak UpdatesHappeningsBreaking News
এবার অগ্নিপরীক্ষা, অভিজিতকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিলেন সুস্মিতা

ওয়েটুবরাক, ২৫ মার্চঃ তৃণমূল কংগ্রেস অসমে মোট ২২টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে বরাক উপত্যকায় পাঁচটি। সোনাই, কাটিগড়া, উধারবন্দ, উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ। বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা জানান সাংসদ সুস্মিতা দেব। শিলচরে দেননি কেন, এই প্রশ্নের জবাবে তিনি কংগ্রেস প্রার্থী অভিজিত পালকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ঠেলে দেন। তিনি বলেন, কংগ্রেসের অভিযোগ থাকে, তৃণমূল কংগ্রেস তাদের ভোট কেটে নেয়, তাতে লাভবান হয় বিজেপি। তাই এ বার শিলচরে কংগ্রেসের অগ্নিপরীক্ষা। তাঁরা শিলচর জিতে দেখান।
অভিজিত এখনও সুবিধাজনক অবস্থানে রযেছেন বলেই ইঙ্গিত দেন তৃণমূল সাংসদ। বলেন, বিজেপি প্রার্থী রাজদীপ রায়ের বিরুদ্ধে প্রফেশনাল অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে।
নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে বিষয়টির ব্যাখ্যা করেন তিনি। বলেন, ‘‘আমি একজন ব্যারিস্টার বলে রাজনীতিবিদ হয়েও আমি যদি কোনও দরিদ্র মক্কেলকে বলি, পাঁচলক্ষ টাকা ছাড়া তোমার মামলা লড়ব না। কোনও অসহায় মানুষকে যদি বলি, এত টাকা ছাড়া তোমার জামিনের আবেদন নিয়ে আমি কোর্টে দাঁড়াব না। তাহলে আমাকে নিয়ে মানুষের যে ধারণা হবে, সেটিই প্রফেশনাল অ্যান্টি ইনকামবেন্সি।’’
সুস্মিতা বলেন, একজন রাজনীতিবিদের ব্যবহার, স্বচ্ছ ভাবমূর্তি এবং জনসংয়োগের খুব দরকার। শিলচরের সচেতন মানুষ ওইসব বিচার করেই ভোট দেবেন। তাঁর কথায়, শিলচর এখন বড় হচ্ছে বটে, কিন্তু তবু এখানে সবাই সবাইকে চেনেন।
তাঁর দাবি, অসম বিধানসভায় দায়িত্বশীল বিরোধী বেঞ্চ গঠনই তাঁদের প্রধান লক্ষ্য। কারণ গত পাঁচ বছরে দেখা গিয়েছে, বিরোধী ভোটে জিতে বিধায়করা শাসকদলে নাম লিখিয়েছেন। তাই তাঁরা বিজেপির টিকিটবঞ্চিত কাউকে দলে টানার চেষ্টা করেননি।
এবার সোনাই ও কাটিগড়ার পরিস্থিতি আরও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ। বলেন, কাটিগড়ায় আরএসএস নেতা কংগ্রেসের প্রার্থী এবং কংগ্রেসের তিনবারের বিধায়ক বিজেপির টিকিটে লড়ছেন। সোনাই আসনেও গতবারের ইউডিএফ বিধায়ক এবার এজিপি প্রার্থী। আর বিজেপি টিকিটে জিতে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে এখন কংগ্রেসের প্রতীকে ভোট চাইছেন। তবে সোনাইয়ে শিক্ষাগত যোগ্যতা এক বড় ইস্যু বলে মনে করেন সুস্মিতা। তাঁর কথায়, কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর এজিপির করিমউদ্দিন বড়ভুইয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন, তা তৃণমূলকে সুবিধা দিয়েছে। কারণ তৃণমূল প্রার্থী শাহজাহান লস্কর এমসিডি কলেজের বোটানির প্রাক্তন বিভাগীয় প্রধান। তাঁদের কাটিগড়ার প্রার্থী ফজলুর রহমান লস্করও উচ্চশিক্ষিত, ভদ্র-মার্জিত বলে দাবি করেন সাংসদ দেব। দক্ষিণ করিমগঞ্জে জনপ্রিয়তায় সবার আগে রয়েছেন আজিজ আহমেদ খান, এটাই ভোটের আগেই তাঁদের সমীক্ষায় উঠে এসেছিল বলে জানান তিনি। উত্তর করিমগঞ্জে পরিমল রায় এবং উধারবন্দে তাপস দাসও জনপ্রিয় ব্যক্তিত্ব বলে তাঁদের জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল সাংসদ।


