Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে সফলভাবে আয়োজিত লায়ন্স হাট বাজার ৪.০

ওয়েটুবরাক, ৮ অক্টোবর: লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২জি-র অন্তর্গত লায়ন্স ও লিও ফ্র্যাটারনিটি অব বরাক ভ্যালি -র উদ্যোগে গত ৪ অক্টোবর আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল “লায়ন্স হাট বাজার ৪.০”। সমাজের দুস্থ ও প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়াতে এই সামাজিক উদ্যোগে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সূচনা হয় ঢাকের বাদ্য বাজিয়ে। এরপর ‘দ্য ফিট ফিমেল গ্রুপ’-এর কচিকাঁচা শিল্পীদের সুন্দর উদ্বোধনী নৃত্য দুর্গাস্তুতি পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং লায়ন্স ও লিও কর্মকর্তাদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধিশানন্দ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি-র ডিস্ট্রিক্ট গভর্নর মনোজ ভজংকা। অন্যান্য বিশিষ্টদের মধ্যে সঙ্গে ছিলেন পাস্ট মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন নির্মল ভূরা, জিএলটি কোর্ডিনেটর দিলীপ শরাফ, জিএসটি কোর্ডিনেটর তাপস সাহা, লিও ডিস্ট্রিক্ট ৩২২জি-র ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সৌম্যজ্যোতি ভট্টাচার্য, অল কাছাড় মেডিসিন রিটেল অ্যান্ড হোলসেল অ্যাসোসিয়েশন এর সভাপতি করুণাসিন্ধু দে, কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অব আসাম-এর সাদার্ন জোনের সহ সম্পাদক মনতোষ পাল। লায়ন্স এবং লিও ডিস্ট্রিক্ট ৩২২জি-র পক্ষ থেকে উপস্থিত সকল অতিথিদের উত্তরীয়, স্মারক ও উপহার প্রদান করে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন হাট বাজার ৪.0 এর দায়িত্বপ্রাপ্ত ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন অনুপ দত্ত। গোটা উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন সব্যসাচী রুদ্র গুপ্ত।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলে এই হাটবাজার। কয়েক হাজার মানুষ বিশেষ কুপনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নতুন ও পুরনো ব্যবহারযোগ্য জামাকাপড়, বাসন, জুতো, খেলনা সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিজেরা বেছে নেন। দুপুর ৩টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি হাটবাজার সফল করতে যে সকল লায়ন্স এবং লিও ক্লাব ও সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়।



