Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে সেবা জ্যোতি কলস যাত্রা ঘিরে উৎসবের আবহ, সঙ্কল্প সভা

ওয়েটুবরাক, ৮ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে শিলচরে অনুষ্ঠিত হলো ‘বিকশিত ভারত সংকল্প সভা’। বুধবার বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই সভাকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সেবা জ্যোতি কলস যাত্রা’। কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে আসা কলস যাত্রা শিলচর পুলিশ প্যারেড ময়দানের মূল অনুষ্ঠানস্থলে এসে পৌঁছায়। এরপর অনুষ্ঠিত হয় সংকল্প সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, তিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কণাদ পুরকায়স্থ ও সুস্মিতা দেব, তিন বিধায়ক রাজদীপ গোয়ালা, কিশোর নাথ ও অমিয় কান্তি দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা-সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সভায় সেবা, জনকল্যাণ এবং রাষ্ট্র নির্মাণের সংকল্পকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে উপস্থিতদের মধ্যে দেশ ও সমাজের সেবার পাশাপাশি উন্নত ও সমৃদ্ধ ভারত গঠনের লক্ষ্যে সংকল্প গ্রহণ এবং শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি নীতীন নবীন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য বড় পর্দায় সম্প্রচার করা হয়।



