NE UpdatesHappeningsBreaking News

রোখা যাবে না, অসমে কর্মসূচি চালিয়ে যাব, হুঙ্কার সিজেপির

ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বর: ককরোচ জনতা পার্টির  সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা সহ ৩০ জনেরও বেশি নেতাকর্মীকে অসমে পুলিশ আটক করার পর রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

এক্স-এ ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “আশুকে একটি বেসরকারি বাসস্থান থেকে তুলে নিয়ে গেছে অসম পুলিশ। কী অপরাধে বা কোন আইনের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে, তা এখনও পুলিশ স্পষ্টভাবে জানায়নি।”

রবিবার গুয়াহাটিতে সিজেপি-র পূর্বনির্ধারিত একটি আঞ্চলিক বৈঠক ছিল। দলের কেন্দ্রীয় কমিটির চারজন সদস্য-সহ ৩০ জনের বেশি কর্মীকে বৈঠক শুরুর আগেই আটক করে পুলিশ।

আটক হওয়ার আগে আশুতোষ পুলিশের বিরুদ্ধে চরম হেনস্থার অভিযোগ তুলে বলেন, “সকাল থেকেই পুলিশ দুষ্কৃতীদের মতো আচরণ করছে। একটি ব্যক্তিগত জায়গায় আমাদের শান্তিপূর্ণ সভা চলছিল, কিন্তু পুলিশ একের পর এক দলের সদস্যদের আটক করে এবং শেষ পর্যন্ত আমাদের সকলকেই আটক করল।”

পূর্বপরিকল্পনা অনুযায়ী সভাটি হওয়ার কথা ছিল আঠগাঁওয়ের খড়গা চৌধুরী রোডের অসম শ্রীপরশুরাম সেবা সদনে। কিন্তু সিজেপি উদ্যোক্তাদের অভিযোগ, আসল স্থানে বুকিং বাতিল করার জন্য কর্তৃপক্ষের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করা হয়েছিল। বাধ্য হয়ে সভার স্থান পরিবর্তন করে অসম সচিবালয়ের উল্টোদিকে থাকা চৌধুরী টিলায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও পুলিশ বাধা দেয়।

উল্লেখ্য, রাজ্যের শিক্ষা পরিকাঠামো এবং অন্যান্য সমস্যা নিয়ে স্থানীয় মানুষের কাছে পৌঁছাতে শনিবারই অঙ্কিত ভরদ্বাজ, আকাশ প্রেম, বরুণ আগরওয়াল এবং আনমকে সঙ্গে নিয়ে গুয়াহাটি পৌঁছেছিলেন আশুতোষ রাঙ্কা। তাঁর অভিযোগ, রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং সরকারি বিভিন্ন ত্রুটি নিয়ে প্রশ্ন তোলার কণ্ঠরোধ করতেই অসম সরকার এই পদক্ষেপ নিয়েছে।

এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে যে, এই ধরনের “পরিকল্পিত নিপীড়ন” চালিয়ে তাদের রোখা যাবে না। তারা অসমে তাদের পূর্ব নির্ধারিত সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবে।

বিশেষ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে তাদের “স্কুল ঠিক করো” প্রচার অভিযান এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় প্রভাবিত পরিবারগুলির পাশে দাঁড়ানোর কাজ অব্যাহত থাকবে।

দলের পক্ষ থেকে পুলিশের এমন বাধা প্রদান এবং সভার স্থান বাতিলের বিষয়ে অসম প্রশাসনের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে অসম পুলিশের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker