India & World UpdatesHappeningsBreaking News
মন কি বাতে সার্জিক্যাল স্ট্রাইক মনে করালেন মোদি

ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স নীতি’ অনুসরণ করছে ভারত। তার সুফলও পাচ্ছে দেশ। রবিবার মন কি বাত অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, ১০ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক-এর বিষয়টিও স্মরণ করান তিনি।
২০১৬ সালে উরিতে হওয়া জঙ্গি হামলার পরে ২৮-২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা। ধ্বংস করা হয়েছিল একাধিক জঙ্গি লঞ্চপ্যাড। সেই কথা মনে করিয়ে মোদি বলেন, “আজ ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করছে। আমরা তার সুফলও দেখতে পাচ্ছি। সার্জিক্যাল স্ট্রাইক ভারতের একটি বড় ঐতিহাসিক সাফল্য। শীঘ্রই এর ১০ বছর পূর্ণ হতে চলেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় জওয়ানরা যেভাবে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছিলেন, তা দেখে বিস্মিত হয়েছিল বিশ্ব।” তিনি আরও বলেন, “সার্জিক্যাল স্ট্রাইক সমগ্র বিশ্বের সামনে ভারতের সন্ত্রাসবাদ-বিরোধী নীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল। সন্ত্রাসী হামলার কারণে ভারতকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, এটি ছিল তার বিরুদ্ধে এক চূড়ান্ত জবাব।”



