Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের আমড়াঘাটে প্রাকৃতিক গ্যাসের নতুন সম্ভাবনার দুয়ার
ওয়ে টু বরাক, ২৭ সেপ্টেম্বর : কাছাড় জেলার আমড়াঘাটে গ্যাস অনুসন্ধানের পর সেই স্থানে অনুসন্ধান ও উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত করছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)। সম্প্রতি আমড়াঘাটে এ ব্যাপক্রে জানিয়েছেন ওএনজিসি-র ডিরেক্টর (ইনভেস্টিগেশন) ওম প্রকাশ সিনহা।
ওএনজিসি-র কাছাড় ফরওয়ার্ড বেসের অধীনে থাকা আমড়াঘাট গ্যাস নিষ্কাশন প্ল্যান্ট পরিদর্শনকালে সিনহা প্রকল্পের কাজের অগ্রগতি, অঞ্চলের হাইড্রোকার্বনের সম্ভাবনা এবং কারিগরি দিকগুলো খতিয়ে দেখেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আমড়াঘাটে বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেছে এবং এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগোচ্ছে।’ বর্তমানে এই প্ল্যান্ট থেকে প্রতিদিন গড়ে এক লক্ষ ইউনিটেরও বেশি গ্যাস নিষ্কাশন করা হচ্ছে বলেও জানান তিনি।
ওএনজিসি-র ভূ-বিজ্ঞানীরা ইতিধ্যেই এই অঞ্চলের সম্ভাব্য বিষয়গুলো মূল্যায়ন করেছেন। গ্যাস পরিবহনের জন্য একটি পাইপলাইন নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, দিনরাত ২৪ ঘণ্টা প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ্য, বহু বছর ধরেই আমড়াঘাট প্রকল্পের উন্নয়নমূলক কাজ চলছে। এই অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্রও ইতিমধ্যেই পাওয়া গেছে।
সিনহা আরও বলেন, বরাক উপত্যকা প্রায় পাঁচ দশক ধরে গ্যাস উৎপাদনের সাথে যুক্ত। আমড়াঘাট প্রকল্প পুনরায় চালুর ফলে অঞ্চলে গ্যাস অনুসন্ধানের আরও নতুন দুয়ার খুলে যেতে পারে। এর ফলে স্থানীয় পর্যায় কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিরও উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি এই প্রকল্পের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের সাথে সমন্বয় রেখে সংস্থাটি কাজ করছে বলেও তিনি দাবি করেন।
প্রকল্পের পাশাপাশি ওএনজিসি তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এলাকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি। এই পরিদর্শনকালে ওএনজিসি ডিরেক্টরের সাথে উপস্থিত ছিলেন বেসিন ম্যানেজার কে. কারভান্নান, ওএনজিসি-র শিলচর ফরওয়ার্ড বেসের জেনারেল ম্যানেজার ও প্রধান এ.কে. ওয়ালিয়া এবং জিএম-এলএমডিএস এস.কে. সো।



