Barak UpdatesHappeningsBreaking News

পহেলগাঁওয়ে হামলার ঘটনার নিন্দায় মুখর বরাক বঙ্গ

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল : কাশ্মীরের পহেলগাঁও-এ প্রাকৃতিক শোভা দর্শনে যাওয়া দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনার নিন্দায় মুখর হলো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনও। মর্মান্তিক এই ঘটনার নিন্দে করে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সহানুভূতি ব্যক্ত করে, যারা কোনওক্রমে সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বেঁচে ফিরে এসেছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে সম্মেলন বলেছে ,দেশের ইতিহাসে এই ঘটনা এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে। ।

          সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এক বিবৃতিতে এই অভিমত ব্যক্ত করে বলেছেন, ,ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে নিরপরাধ ভ্রমণরতদের আদিম পৈশাচিকতায় যে সন্ত্রাসীরা নির্বিচারে হত্যা করেছে তাদের মানবতা বিরোধী কান্ডের নিন্দা ও প্রতিবাদ জানাতে সব গন্ডির সীমারেখা পেরিয়ে গোটা দেশ আজ ঐক্যবদ্ধ। কাশ্মীরের সাধারণ মানুষও নিন্দায় পথে নেমেছেন। এক সুরে মুখর হয়ে দেশ বলছে ,অনেক হয়েছে এবার বন্ধ হোক নিরপরাধ সাধারণ মানুষকে সংহার তৎপরতা। সন্ত্রাস দমনে রাষ্ট্র কার্যকর ভূমিকা নিক যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।

      অসম সহ উত্তর পুর্বাঞ্চলের মানুষ সন্ত্রাসের ভয়ংকর মুখ দীর্ঘদিন থেকে দেখে আসছে, কাশ্মীরের মানুষও তাই দেখছে এ কথা উল্লেখ করে বিবৃতিতে সাধারণ সম্পাদক দত্ত বলেছেন , দেশের স্থিতিশীলতা নষ্ট করা ,ধর্ম ও ভাষা কেন্দ্রিক বিভাজন তৈরির জন্য যে সুপরিকল্পিত কাণ্ডকারখানা দীর্ঘদিন ধরে চলছে তাতে নানাভাবে খেসারত দিচ্ছে সাধারণ মানুষ । আন্তর্জাতিক স্তরে যেসব চক্রান্ত চলছে এদেশের কিছু শক্তি তার ক্রীড়ানক হয়ে কার্যত সাধারণ মানুষকেই পনবন্দী করে নিজেদের অভিপ্সা পূরণে তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভারতের বিরুদ্ধে পাক সরকার এবং সন্ত্রাসবাদী গোষ্টিগুলোর চক্রান্ত এখন এতটাই বেপরোয়া যে তারা যে কোনও কাণ্ডই ঘটাতে পারে । পহেলগাঁওর হৃদয় বিদারুক ঘটনাক্রম তার সর্বশেষ নজির।

       বরাক বঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দত্ত আরও বলেছেন ,পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে । দেশের সব শ্রেণীর মানুষ এক্ষেত্রে সরকারের পাশে থাকার অঙ্গীকারও করেছেন। এই সময়ে কোনও বিভাজন তৎপরতা কাম্য নয়। অথচ ধর্মকেন্দ্রিক বিভাজন তৈরীর জন্য নানাভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে । সামাজিক মাধ্যমগুলোতে যেসব কথাবার্তা হচ্ছে তা উদ্বেগের সঞ্চার করেছে। এক্ষেত্রে সরকারকে দৃষ্টি দেওয়ার আহবান জানিয়ে সাধারণ সম্পাদক বলেছেন, এই সময়ে ঐক্যবোধ ও সংযত মনোভাব খুবই জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker