Barak UpdatesHappeningsBreaking News
বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র
ওয়েটুবরাক, ২৫ এপ্রিল: পহেলগাঁওয়ের হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত কে বাহার উদ্দিন চৌধুরী নামের স্নাতকোত্তর স্তরের ছাত্রটির বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মামলা করে। বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ তাকে আটক করে পুলিশ এবং প্রাথমিক তদন্তের পর বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ, কাছাড় জেলার কাটিগড়ার বাসিন্দা বাহার উদ্দিন চৌধুরী ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্মাবলম্বী লোকদের মনে আঘাত দিয়েছে এবং এটি মানহানির পর্যায়ে পড়ে। তারা বলেন, ‘পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ছাত্রটি অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছে। হিন্দুদের শুয়োরের বাচ্চা সহ আরও কিছু আপত্তিকর সম্বোধন করেছে। এছাড়া সে সমাজে ধর্মীয় সৌহার্দ্যমূলক ভাবনার ওপর আঘাত করেছে। এটি ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারার অধীনে অপরাধ এবং আমরা পুলিশের কাছে আবেদন করছি তারা যেন ছাত্রটিকে গ্রেফতার করেন।’ বিদ্যার্থী পরিষদের অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ মামলা গ্রহণ করে তাকে গ্রেফতার করেছে।

