NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বেলেঘাটা লোকো শেড থেকে রিলিজ করা হয়েছিল সাইরাঙগামী ইঞ্জিনটিকে

ওয়েটুবরাক, ১২ নভেম্বর: দুর্ঘটনাগ্রস্ত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন নম্বর ৩৯৬৩১। গত ২৭ মে পাতিয়ালা লোকোমোটিভ থেকে শিয়ালদা ডিভিশনে এসেছিল ডব্লুএপি-৭ ক্যাটাগরির ইঞ্জিনটি। এরপর তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল নারকেলডাঙা লোকো শেড। দুর্ঘটনার আগের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বেলেঘাটা লোকো শেড থেকে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনটি রিলিজ করা হয়েছিল। তার আগে ইঞ্জিনের পরীক্ষা করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে রেল সূত্রে। তাই প্রশ্ন উঠছে, চালক জরুরি ব্রেক প্রয়োগ করেও কেন ট্রেন থামাতে পারলেন না? নিয়মিত রক্ষণাবেক্ষণের পরেও কি কোনও যান্ত্রিক ত্রুটি থেকে গিয়েছিল? নাকি অন্য কোনও কারণে কাজ করেনি ব্রেকিং সিস্টেম? নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কে কে শর্মা বলছেন, ‘ওই ট্রেনটিকে ডিগারু স্টেশনের কাছে থামার কথা বলা হয় জনশতাব্দী এক্সপ্রেসকে আগে যাওয়ার পথ করে দিতে। কিন্তু ওই ট্রেনটি সময় মতো দাঁড়াতে পারেনি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, কী সমস্যা ছিল, পুরো বিষয়টার তদন্ত করা হবে।’ যাত্রী সহায়তায় রেলের তরফে খোলা হয়েছে হেল্পলাইন, যার নম্বর হল – 03764 263858 এবং 03764 265958 এবং 03764 263831।
রেলের নিয়ম অনুযায়ী, প্রতি সাড়ে ৪ হাজার কিলোমিটার চলার পর বা একটা ট্রিপ শেষে লোকোমোটিভের প্রাথমিক পরীক্ষা করা হয়। ইঞ্জিনের ব্রেক, বিভিন্ন যন্ত্রাংশ এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলি ঠিকমতো কাজ করছে কি না, সেটা খতিয়ে দেখা হয়। এই পরীক্ষায় সময় লাগে প্রায় দু’ঘণ্টা। এর পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশগুলো পরীক্ষা করা হয়। কোথাও সমস্যা থাকলে মেরামতি করা হয়, প্রয়োজনে বদলানো হয় যন্ত্রাংশ। অর্থাৎ, শুধু ইঞ্জিন খারাপ হলেই মেরামতি নয়, বরং আগে থেকেই নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করে ত্রুটি চিহ্নিত করার ব্যবস্থা রয়েছে রেলের। এখানেই প্রশ্ন, কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনের ক্ষেত্রে কী এসব হয়েছিল?



