NE UpdatesHappeningsBreaking News
কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার আগে লোকো পাইলটের মরিয়া চেষ্টা ধরা পড়ল ভিডিওতে

ওয়েটুবরাক, ১২ নভেম্বর: দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে ট্রেন থামানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন লোকো পাইলট। কিন্তু বারবার ব্রেক কষেও গতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না তিনি। উল্টে দ্রুতগতিতে এগিয়ে চলেছে ট্রেন। শেষ পর্যন্ত রেললাইনের পাশের একাধিক প্রতিবন্ধক ভেঙে এগিয়ে যায় সেটি। অসমের গুয়াহাটির উপকণ্ঠে দিগারু রেলস্টেশনের কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার আগে লোকোমোটিভের ভিতরের এমনই এক উদ্বেগজনক ভিডিও প্রকাশ্যে এসেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, চালক বারবার ব্রেক প্রয়োগের চেষ্টা করছেন। কিন্তু কোনওভাবেই কাজ হচ্ছে না। তাঁকে বলতে শোনা যায়, “কুছ নেহি কাম কর রহা” (কিছুই কাজ করছে না)। ব্রেক ব্যবস্থা আটকে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হলেও, যান্ত্রিক ত্রুটি ঠিক কী ছিল, তা এখনও নিশ্চিত নয়। ভিডিওর প্রায় এক মিনিটের মাথায় ট্রেনটি রেলপথের একাধিক প্রতিবন্ধক ভেঙে এগিয়ে যায়। চালকের মরিয়া চেষ্টা সত্ত্বেও ট্রেনের গতি কমানো সম্ভব হয়নি।
বুধবার, ১১ নভেম্বর সকাল প্রায় ৬টা ৫৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কলকাতা-সাইরাং এক্সপ্রেস অসমের কামরূপ (মেট্রোপলিটন) জেলার দিগারু রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়।



