India & World UpdatesHappeningsBreaking News

২৪ দিনের ছাত্র আন্দোলনের জের, ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিলের ঘোষণা হেমন্ত সরকারের

ওয়েটুবরাক, ১৮ আগস্ট: ছাত্রদের দাবি মানতে হল ঝাড়খণ্ড সরকারকেও। দীর্ঘ ২৪ দিনের ছাত্র-যুব আন্দোলনের পর অবশেষে বড় সিদ্ধান্ত নিল হেমন্ত সোরেন সরকার। জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল করা হলো। শুধু তাই নয়, ২০১৪ সাল থেকে বেসরকারি সংস্থা টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেড-এর মাধ্যমে নেওয়া পরীক্ষা, ফলাফল ও নিয়োগ প্রক্রিয়াগুলিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে টিডিপিএলের  মাধ্যমে ২০১৪ সাল থেকে নেওয়া বিভিন্ন পরীক্ষার প্রক্রিয়া, ফলাফল ও নিয়োগ নিয়েও ব্যাপক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত এসওপি যথাযথভাবে মানা হলে এই ধরনের অনিয়মের সুযোগ তৈরি হত না। ২০১৪ সালের পর থেকে পরীক্ষাগুলিতে কোথাও কোনও অনিয়ম হয়ে থাকলে তা খুঁজে বের করার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলেও জানিয়েছে সরকার।

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছিলেন ছাত্র ও চাকরিপ্রার্থীরা। রাঁচিতে আন্দোলনকারীদের অবস্থান-বিক্ষোভও চলছিল। বিতর্কিত পরীক্ষা বাতিল, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করাই ছিল বিক্ষোভকারীদের দাবি। পাশাপাশি  সিবিআই তদন্তের দাবিতেও অনড় ছিলেন তাঁরা । সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনাও হয়। প্রথমদিকে সমাধান সূত্র বের হয়নি। শেষ পর্যন্ত ২৪ দিনের আন্দোলনের পর জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। সেই সঙ্গে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো তাঁর ১৬ দিনের অনশন প্রত্যাহার করেন। তিনি সরকারের এই সিদ্ধান্তকে ঝাড়খণ্ডের ছাত্রদের বড় জয় হিসেবে ব্যাখ্যা করেন।

তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, এখনই আন্দোলন পুরোপুরি থেমে যাচ্ছে না। পরীক্ষা বাতিল হলেও, তাঁদের নজর থাকবে, অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত হয় কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker