Barak UpdatesHappeningsBreaking News
হাইকোর্টের বেঞ্চ দাবি, শনিবার শিবালিক পার্কে সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান

ওয়েটুবরাক, ১২ জুন: বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিকে আরও জোরদার করতে আগামী শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টায় শিলচরের শিবালিক পার্ক দুর্গামণ্ডপ প্রাঙ্গণে এক সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আয়োজন করেছে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি, কাছাড় জেলা ইউনিট, ব্যবস্থাপনায় রয়েছে শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি, শিলচর।

“আমাদের অধিকার, আমাদের দাবি, আমাদের ভবিষ্যৎ”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকার সর্বস্তরের নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। কমিটির বক্তব্য, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি বেঞ্চ প্রতিষ্ঠার দাবি বহু পুরনো। এটি এই অঞ্চলের সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে উত্থাপিত হয়েছে। বর্তমানে বিচারপ্রার্থীদের মামলার শুনানি ও অন্যান্য আইনি প্রয়োজনে গুয়াহাটি পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যার ফলে সময়, অর্থ ও শ্রমের অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, আর্থিকভাবে দুর্বল শ্রেণি এবং প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য এই পরিস্থিতি আরও কষ্টসাধ্য হয়ে ওঠে।
আয়োজকদের মতে, বরাক উপত্যকায় একটি হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠিত হলে বিচারপ্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আইনজীবী সমাজ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকসহ বিভিন্ন স্তরের মানুষ এর প্রত্যক্ষ সুফল ভোগ করবেন। এর ফলে এই অঞ্চলের প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেরও নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ গণস্বাক্ষর অভিযান। উপস্থিত নাগরিকরা তাঁদের স্বাক্ষরের মাধ্যমে এই দাবির প্রতি সমর্থন ব্যক্ত করবেন এবং সংগৃহীত স্বাক্ষরসমূহ পরবর্তীকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পেশ করে বরাক উপত্যকার মানুষের সম্মিলিত মতামত ও আকাঙ্ক্ষা তুলে ধরা হবে।
হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি, কাছাড় জেলা ইউনিটের পক্ষ থেকে আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী মহল, সাংবাদিক এবং সর্বস্তরের সচেতন নাগরিককে এই কর্মসূচিতে উপস্থিত থেকে গণআন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।
কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, “একটি শক্তিশালী বরাক উপত্যকা গড়ে তুলতে প্রয়োজন একটি কার্যকর, সহজলভ্য ও জনমুখী বিচারব্যবস্থা। গৌহাটি হাইকোর্টের একটি বেঞ্চ প্রতিষ্ঠা সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই বরাকবাসীর ন্যায্য দাবিকে সফল করতে সকলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
আগামী শনিবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিভিন্ন মহলে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, শিলচরসহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে এই ঐতিহাসিক দাবির প্রতি তাঁদের সংহতি ও সমর্থন ব্যক্ত করবেন।


