India & World UpdatesHappeningsBreaking News
সৌদি আরবে বাসে আগুন লেগে মৃত্যু ৪২জন ভারতীয় পুণ্যার্থীর

ওয়েটুবরাক, ১৭ নভেম্বর: আজ সোমবার ভোরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভারতীয় ওমরাহযাত্রীবাহী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসের ৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে দ্রুত সেখানে আগুন ছড়িয়ে পড়ে।
নিহত ওমরাহযাত্রীদের মধ্যে ভারতের ১১জন নারী ও ১০টি শিশু ছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট অফিস ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক ও তাঁদের পরিবারকে পুরো সহযোগিতা দিচ্ছে। জয়শঙ্কর শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তেলেঙ্গানা রাজ্য সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি দিল্লিভিত্তিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, তাঁরা যেন দূতাবাসের কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেন।
হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেন, বাসটিতে আগুন লাগার সময় ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন। তিনি রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) আবু মাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রেখেছেন, যিনি তাঁকে দুর্ঘটনা–সম্পর্কিত তথ্য সংগ্রহ করার আশ্বাস দিয়েছেন।
ওয়াইসি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন মৃতদেহগুলো দ্রুত ভারতে ফিরিয়ে আনা হয় এবং আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হয়।
ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পর যখন বাসটিতে আগুন ধরে যায়, তখন অনেক যাত্রী ঘুমাচ্ছিলেন। এ কারণে তাঁদের বাস থেকে বেরিয়ে আসার সুযোগ খুব কম ছিল।
উদ্ধারকারী দলগুলো বলেছে, ঘটনাস্থলের দৃশ্য বেশ ভয়াবহ। বাসটি পুড়ে ছাই হয়ে গেছে। নিহত ব্যক্তিদের শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, একজন যাত্রী কোনোমতে বেঁচে গেছেন, তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।


