NE UpdatesAnalytics
সঞ্জয় ঘোষ হত্যা মামলার রায়, আলফা সদস্য ফটিক হাতিমতাকে যাবজ্জীবন কারাদণ্ড

গুয়াহাটি, ২৮ নভেম্বর : সমাজকর্মী সঞ্জয় ঘোষের অপহরণ ও হত্যা মামলায় রায় ঘোষণা করল সিবিআইয়ের বিশেষ আদালত। মামলায় আলফা সদস্য ফটিক হাতিমতাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দীর্ঘ ২৯ বছর পর এই মামলায় আদালতের রায় ঘোষণা হল।
উল্লেখ্য, সমাজকর্মী হিসেবে মাজুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সময় ১৯৯৭ সালে সঞ্জয় ঘোষকে অপহরণ করে আলফা। পরবর্তী সময়ে তাঁকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ঘিরে সেই সময় গোটা দেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। পরে ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার সিবিআই আদালতের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন আলফা নেতা অনুপ চেতিয়া। তাঁর দাবি, ফটিক হাতিমতা এই ঘটনার সঙ্গে জড়িত নন। অনুপ চেতিয়া বলেন, ‘ফটিক হাতিমতার কোনও দোষ নেই। আদালত কীসের ভিত্তিতে এই রায় দিয়েছে, তা আমরা জানি না। সেই সময় আমি বিদেশে ছিলাম। সঞ্জয় ঘোষের ঘটনা সম্পর্কে পরেশ বরুয়া আমাকে জানিয়েছিলেন, ব্রহ্মপুত্রের বুকে একটি নৌকাডুবির ঘটনায় সঞ্জয় ঘোষের মৃত্যু হয়েছিল।’
অসমে অতীতে সংঘটিত হত্যাকাণ্ডগুলির প্রসঙ্গ তুলে অনুপ চেতিয়া আরও বলেন, তিনি বহুবার সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। তাঁর বক্তব্য, ‘আমি যদিও হত্যাকাণ্ডগুলির সঙ্গে সরাসরি জড়িত ছিলাম না, তবুও সংগঠনের দায়িত্বে থাকার কারণে মানুষের কাছে বহুবার ক্ষমা চেয়েছি। সেই সময় আমার অজান্তেই অনেক নেতাকে হত্যা করা হয়েছিল। সঞ্জয় ঘোষের ঘটনার পরই ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করেছিল। এর পর থেকেই সংগঠনটি দুর্বল হয়ে পড়ে।’
উল্লেখ্য, সঞ্জয় ঘোষ হত্যা মামলায় সিবিআই ২০১১ সালের ১৯ ডিসেম্বর আলফা সদস্য ফটিক হাতিমতাকে গ্রেপ্তার করেছিল। তবে ২০১২ সালে জামিনে মুক্তি পান তিনি। দীর্ঘদিন ধরে আদালতে মামলার বিচারপ্রক্রিয়া চলার পর শনিবার তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
এই মামলায় এর আগেও দু’জন অভিযুক্ত মণি নেওগ ও কানাইয়া হাজরিকাকে ২০০৩ সালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। সঞ্জয় ঘোষ হত্যা মামলায় আলফা (স্বাধীন)-এর সেনাধ্যক্ষ পরেশ বরুয়া সহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে পরেশ বরুয়া সহ কয়েকজনকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে, অভিযুক্তদের মধ্যে দু’জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে।



