NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

শ্রীভূমি শহরে প্রতিমা নিরঞ্জনে অপ্রীতিকর ঘটনা ঘিরে সরগরম গোটা রাজ্য

ওয়েটুবরাক, ২৬ অক্টোবর: শ্রীভূমি শহরে দুর্গা প্রতিমা নিরঞ্জনে অপ্রীতিকর ঘটনা ঘিরে সরগরম গোটা অসম। বদরপুর বাগেরগুলের বিহুশিল্পীরা শ্রীভূমির হিন্দুস্তান ক্লাবে অনুষ্ঠান করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ডিজিপি-কে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, “বিহু অসমের আত্মা, আমাদের গৌরব, আমাদের অস্তিত্ব। আমাদের সংস্কৃতি ঐতিহ্যের ওপর অপমান কোনও ভাবে মেনে নেওয়া হবে না।” এর পরেই অসমের বিভিন্ন সংগঠন এই ঘটনার প্রতিবাদে সরব হয়। ব্রহ্মপুত্র উপত্যকার সংগঠনগুলোর পাশাপাশি বরাকেরও বিভিন্ন ব্যক্তি-সংগঠন শ্রীভূমির ঘটনার প্রতিবাদ জানায়। তবে এ যে জাতি-সম্প্রদায়ের কোনও বিরোধ নয়, তা স্পষ্ট জানিয়েছেন শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে। তিনি বলেন, অতিরিক্ত মদ্যপানের দরুন দুই দল যুবকের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। তাতে বিহুদলের আটজন জখম হয়েছেন। সমাজমাধ্যমের ভিডিও দেখে পুলিশ দ্রুত ১৩ জনকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ যে অসমিয়া-বাঙালির বিরোধ নয়, সিনিয়র পুলিশ সুপার তা জোর দিয়ে বারবার উল্লেখ করেন।

শ্রীভূমিতে সংঘটিত ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক বলে তীব্র নিন্দা জানিয়ে কেন এমন ঘটলো এ সম্পর্কে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। পাশাপাশি কোনও প্ররোচনার ফাঁদে পা না দিয়ে পারস্পারিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার আধারে রাজ্যের দুই উপত্যকায় বাঙালি, অসমিয়া সহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যে প্রীতির বন্ধন রয়েছে তা যাতে ক্ষুন্ন না হয় সেজন্য সতর্ক থাকতে সরকার এবং দুই উপত্যকার শুভবুদ্ধি সম্পন্ন সব মহলের প্রতি আবেদন রেখেছেন তাঁরা। বরাকবঙ্গের কেন্দ্রীয় মুখপাত্র গৌতমপ্রসাদ দত্ত বলেন, গত শুক্রবার মধ্যরাতে শ্রীভূমিতে সংঘটিত ঘটনা সম্পর্কে প্রকৃত তথ্য আহরণ না করেই কিছু মহল ঘটনার অতিরঞ্জন করে জাতি বিদ্বেষবহ্নি ছড়াচ্ছেন, যা শান্তিপ্রিয় প্রতিটি মানুষের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই ঘটনায় বজরং দলের জড়িত থাকার অভিযোগ খন্ডন করল বিশ্ব হিন্দু পরিষদ। শিলচরে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন ডেকে স্পষ্ট করেন যে, “শ্রীভূমির ঘটনায় বজরং দলের কোনও কার্যকর্তা জড়িত রয়েছেন, এমন কোনও তথ্য আমাদের জানা নেই। তাই কোনও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া বজরং দলকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানো সম্পূর্ণ অনুচিত।”

শ্রীভূমিতে গত শুক্রবার সংঘটিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাছাড় জেলা যুব পরিষদও। সোমবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নেকবুব হুসেন লস্কর এবং কাছাড় জেলা সভাপতি রূপন মোদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত শিল্পীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ডেপুটেশন প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি চিত্তরঞ্জন সিনহা, উপ-সভাপতি আয়াজ উদ্দিন বড়ভূঁইয়া (মান্না), বিক্রম মিশ্র এবং উদারবন্দ যুব পরিষদের সভাপতি তৈবা সিংহ সহ অন্যান্য কর্মকর্তারা।শোভাযাত্রায় বিহূ শিল্পীদের ওপর আক্রমণের অভিযোগ করে সোমবার শ্রীভূমিতে প্রতিবাদী মিছিল বের করে সারা আসাম ছাত্র সংস্থা। জেলাশাসক ও সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের দাবি, ক্লাব হিন্দুস্থানের আমন্ত্রণে সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করা বিহু দলের ওপর যারা আক্রমণ করেছিল তাদের প্রত্যেককে গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাঁদের এক প্রতিনিধি দল জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী ও সিনিয়র পুলিশ সুপার লীনা দোলের সঙ্গে পৃথক ভাবে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে।

 শ্রীভূমিতে সংঘটিত অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে এবং সম্প্রীতি অক্ষুন্ন রাখার আর্জিতে আগামীকাল মঙ্গলবার শিলচরে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এক শান্তি সমাবেশের আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন ইয়ুথস এগেনস্ট সোশ্যাল এভিল। তাদের দাবি: জাতি-সম্প্রদায় নির্বিশেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা গ্রহণ এবং প্ররোচনা নয়, প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker