India & World UpdatesAnalyticsBreaking News
শেষ মুহূর্তের বৈঠকে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত

নতুনদিল্লি, ২৭ সেপ্টেম্বর : ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (IBA) এবং ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স (UFBU)-এর মধ্যে শেষ মুহূর্তের বৈঠকের পর দেশজুড়ে প্রস্তাবিত ব্যাংক ধর্মঘট স্থগিত করা হয়েছে। IBA এবং UFBU-এর মধ্যে সফল আলোচনার পর তিন দিনের দেশব্যাপী ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, রবিবার রাত সাড়ে ৯টায় IBA এবং UFBU-এর মধ্যে বৈঠক হয়। বৈঠকে আলোচনার পর দু’পক্ষ কয়েকটি বিষয়ে সম্মত হয়েছে।
শনিবার সমস্ত ব্যাংকের ছুটি সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে IBA এবং UFBU-এর একটি যৌথ কমিটি অবিলম্বে গঠন করা হবে। এই কমিটি সমস্ত বিকল্প নিয়ে আলোচনা করবে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলবে এবং এমন একটি সমাধান খোঁজার চেষ্টা করবে, যা সবার জন্য, বিশেষ করে গ্রাহকদের জন্য উপযুক্ত হয়।
এছাড়া, স্কেল IV এবং তার ঊর্ধ্বে থাকা আধিকারিকদের জন্য PLI (পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ) স্কিমে পরিবর্তন নিয়ে IBA-এর সঙ্গে আলোচনা শুরু করা হবে। আধিকারিকদের উদ্বেগগুলি সরকারের সামনে তুলে ধরার বিষয়েও আলোচনা হবে। ২০২৪ সালের ৮ মার্চের বৈঠকের কার্যবিবরণীতে উল্লেখ করা অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়েও আলোচনা করা হবে, যাতে সেগুলির দ্রুত সমাধান করা যায়। এই সমঝোতার পর UFBU জানিয়েছে, আপাতত তারা প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচি ও ধর্মঘট প্রত্যাহার করছে।
উল্লেখ্য, সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক ইউনিয়নগুলি। ধর্মঘট হলে সমস্ত সরকারি ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের পরিষেবা বন্ধ থাকার কথা ছিল। এর ফলে চেক ক্লিয়ারেন্স, নগদ টাকা তোলা ও জমা দেওয়া সহ বিভিন্ন ব্যাংকিং পরিষেবা ব্যাহত হতে পারত। ডিজিটাল ব্যাংকিং এবং অন্যান্য অনলাইন পরিষেবাও বন্ধ থাকার সম্ভাবনা ছিল। এমনকি ব্যাংক ধর্মঘট হলে চলতি সপ্তাহে লক্ষ লক্ষ গ্রাহক টানা তিন দিন ব্যাংকিং পরিষেবায় বড় ধরনের সমস্যার মুখে পড়তেন। তবে HDFC, ICICI এবং Axis Bank-এর শাখাগুলি খোলা থাকার কথা ছিল।
এখন ধর্মঘট স্থগিত হওয়ায় দেশজুড়ে ব্যাংকের শাখাগুলি স্বাভাবিকভাবে খোলা থাকবে। চেক ক্লিয়ারেন্স এবং নগদ লেনদেন-সহ সমস্ত পরিষেবা স্বাভাবিকভাবে চলবে। ফলে সাধারণ মানুষের বড় ধরনের স্বস্তি মিলেছে।



