India & World UpdatesHappeningsBreaking News

ভারত মণ্ডপমে সুধাকণ্ঠের জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানের প্রস্তুতি দেখলেন হিমন্ত

নতুনদিল্লি, ২৭ সেপ্টেম্বর: ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনের বর্ষব্যাপী কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান আগামী ২৯ নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। রবিবার ভারত মণ্ডপম পরিদর্শন করে অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

পরিদর্শনের সময় অনুষ্ঠানস্থলের বিভিন্ন ব্যবস্থা, অতিথি আপ্যায়ন ও অন্যান্য প্রস্তুতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন মুখ্যমন্ত্রী। জন্মশতবর্ষ উপলক্ষে ভারত মণ্ডপমে ভূপেন হাজরিকাকে নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হবে। সেখানে তাঁর জীবন, সংগীত, চলচ্চিত্র এবং অসম তথা ভারতীয় সংস্কৃতিতে তাঁর অবদান তুলে ধরা হবে। গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে ভূপেন হাজরিকার দীর্ঘ শিল্পীজীবন এবং তাঁর সৃষ্টির প্রভাবও প্রদর্শনীতে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

ভারত মণ্ডপম পরিদর্শনের পর এক্স-এ মুখ্যমন্ত্রী জানান, ভূপেন হাজরিকার অসামান্য অবদানের প্রতি যথাযথ সম্মান জানিয়ে স্মরণীয় সমাপ্তি অনুষ্ঠান আয়োজনের জন্য অসম সরকার কাজ করছে।

বর্ষব্যাপী জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে অসমের সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি ভারতীয় সংস্কৃতিতে ভূপেন হাজরিকার বিস্তৃত অবদানও তুলে ধরা হবে।

এই পরিদর্শনে অসম সরকারের অতিরিক্ত মুখ্যসচিব বি কল্যাণ চক্রবর্তী, তথ্য ও জনসংযোগ বিভাগের কমিশনার ও সচিব পদ্মপাণি বরা, অসম ভবনের রেসিডেন্ট কমিশনার কবিতা পদ্মনাভন, বিধায়ক তরঙ্গ গগৈ এবং তথ্য ও জনসংযোগ বিভাগের অধিকর্তা মানবেন্দ্র দেবরায় সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker