Barak UpdatesAnalyticsBreaking News
শিলচর পুরনিগম নির্বাচন : তিন দিন ‘ড্রাই ডে’ ঘোষণা

ওয়ে টু বরাক, ২০ সেপ্টেম্বর : আসন্ন শিলচর পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে তিন দিন ‘ড্রাই ডে’ ঘোষণা করল অসম সরকার। এই সময়ে শিলচর পুরনিগম এলাকার কোথাও মদ ও অন্যান্য মাদকজাতীয় নেশাদ্রব্য রাখা, বিক্রি, সরবরাহ, বিতরণ ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শনিবার জারি করা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ অক্টোবর ভোটগ্রহণের দিন, তার আগের দিন অর্থাৎ ২ অক্টোবর এবং ৬ অক্টোবর ভোটগণনার দিন— গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
কোনও কারণে পুনর্নির্বাচন হলে সেই দিনটিকেও ‘ড্রাই ডে’ হিসেবে গণ্য করা হবে বলে সরকারি নির্দেশে জানানো হয়েছে।১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন (Representation of the People Act)-এর ১৩৫(সি) ধারা এবং অসম আবগারি বিধি, ২০১৬-এর ৩২৬(এ) ধারার অধীনে এই নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। নির্ধারিত সময়ে সমস্ত পাইকারি মদের গুদাম এবং আইএমএফএল-এর খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধ থাকবে। এর মধ্যে ‘অফ’ ও ‘অন’ শপ, ক্লাব ‘অন’, হোটেল ‘অন’ এবং কান্ট্রি স্পিরিটের দোকানও অন্তর্ভুক্ত রয়েছে।
‘ড্রাই ডে’-র সময় ব্যক্তিগতভাবে মদ মজুত রাখার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে অসম আবগারি আইন ও বিধির সংশ্লিষ্ট ধারার পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫(সি) ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শিলচর পুরনিগম নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যেই এই ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



