India & World UpdatesHappeningsBreaking News
বারাণসীতে পুলিশের এনকাউন্টারে নিহত মাওবাদী নেতা ব্রিজেশ, মাথার দাম ছিল ৩০ লক্ষ

বারাণসী, ২০ সেপ্টেম্বর : রবিবার ভোরে বারাণসীতে উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড বা এটিএস-এর সঙ্গে এনকাউন্টারে নিহত হলেন মাওবাদী নেতা ব্রিজেশ গাঞ্জু ওরফে গোপাল সিং। ভোর পাঁচটা নাগাদ দু’পক্ষের সংঘর্ষে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের এটিএস ও এসটিএফ-এর আইজি প্রেম গৌতম।
তিনি জানান, “ব্রিজেশ গাঞ্জু ওরফে গোপাল সিং পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছেন। বারাণসীতে রবিবার ভোর পাঁচটার সময় এই অভিযান চালানো হয়।” জানা গিয়েছে, ঝাড়খণ্ডের এই মাওবাদী নেতার মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা।
ঝাড়খণ্ডের নিষিদ্ধ নকশাল সংগঠন ‘তৃতীয় প্রস্তুতি কমিটি’ বা টিপিসি-র প্রধান ছিলেন ব্রিজেশ। গোয়েন্দাদের মতে, সংগঠনটি সিপিআই (মাওবাদী)-র একটি শাখা। পুলিশের এক আধিকারিক জানান, ব্রিজেশ তাঁর এক সঙ্গীর বাইকে চড়ে তেঘরা মোড় থেকে মুঘলসরাইয়ের দিকে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে ধরতে লঙ্কা ময়দানে ফাঁদ পাতে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস।
পুলিশের দাবি, তাঁকে আটক ও গ্রেফতারের চেষ্টা করা হলে ব্রিজেশ গাড়ি না থামিয়ে সেখান থেকে লাফ দেন এবং পুলিশ ও এটিএসকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। পুলিশও পালটা গুলি চালায়। দু’পক্ষের গোলাগুলিতে ব্রিজেশ গুলিবিদ্ধ হন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ব্রিজেশের চালানো গুলি উত্তরপ্রদেশ এটিএস-এর ডেপুটি এসপি বিপিন রাই এবং হেড কনস্টেবল নীতেন্দ্র কৃষ্ণের বুলেটপ্রুফ জ্যাকেটে লাগে। দু’জনেই সুরক্ষিত রয়েছেন। ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, তাজা কার্তুজ এবং গুলির খোল উদ্ধার করেছে এটিএস। ব্রিজেশের দেহ ময়নাতদন্তের জন্য বারাণসীর লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
দীর্ঘদিন ধরেই ঝাড়খণ্ড পুলিশের একাধিক নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন ব্রিজেশ। ঝাড়খণ্ড সরকার তাঁর মাথার দাম ২৫ লক্ষ টাকা ধার্য করেছিল। তাঁকে ধরতে সাহায্যকারীকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। ঝাড়খণ্ড ও অন্যান্য রাজ্যে খুন, তোলাবাজি, অবৈধ অস্ত্র সংক্রান্ত কার্যকলাপ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক সহায়তার মতো একাধিক মামলায় মোস্ট ওয়ান্টেড ছিলেন ব্রিজেশ। একাধিক সন্ত্রাসবাদী হামলায় আর্থিক সহায়তার মামলায় এনআইএ-ও তাঁর খোঁজ করছিল।


