Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষক রাজু দেব প্রয়াত

ওয়ে টু বরাক, ১৬ ডিসেম্বর : প্রয়াত হলেন শিলচরের বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষক রাজু দেব। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গেই তাঁকে ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবার-পরিজন রওনা দেন। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালের পথে বিকেল তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৫৩ বছর। রেখে গেছেন স্ত্রী জয়া দেব এবং এক পুত্র জয় সহ আত্মীয় পরিজন ,অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহীকে। তাঁর এই অকাল মৃত্যু শিলচরের সর্বস্তরের মানুষকে গভীরভাবে শোকাহত ও মর্মাহত করেছে।
শৈশব ও যৌবনকাল থেকেই রাজু দেব ছিলেন অত্যন্ত অধ্যবসায়ী ও মেধাবী। পড়াশোনা ও সঙ্গীতচর্চায় তাঁর গভীর মনোযোগ ও নিষ্ঠাই তাঁকে পরবর্তীকালে একজন দক্ষ শিক্ষক ও খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি দীর্ঘদিন শিলচর সঙ্গীত বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকে নিষ্ঠা ও সাধনার সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা দিয়ে বহু শিক্ষার্থী গড়ে তুলেছেন। পাশাপাশি তিনি শিলচর কলেজিয়েট স্কুলের শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। তাঁর শৃঙ্খলা, স্নেহশীলতা ও কর্তব্যনিষ্ঠা ছাত্রছাত্রী ও সহকর্মীদের কাছে তাঁকে অত্যন্ত প্রিয় করে তুলেছিল।
মালুগ্রাম দেবীপ্রসাদ রোড নিবাসী রাজু দেব বিজেপির একজন একনিষ্ঠ কার্যকর্তা ছিলেন। তিনি অ্যাপোসোলস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর বিনয়ী, সদালাপী ও মাটির কাছাকাছি মানুষসুলভ আচরণের জন্য তিনি সর্বজনপ্রিয় ছিলেন। এ দিন সন্ধ্যায় তার মরদেহ শিলচর সঙ্গীত বিদ্যালয়ে নিয়ে আসা হলে সেখানে তাকে পুষ্পার্ঘ্য দিয়ে এবং গানে গানে শেষ শ্রদ্ধা জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কর্মীরা।
এ দিন রাতে রাজু দেবের শেষকৃত্য শিলচর শ্মশানঘাটে সম্পন্ন হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী সৌমিত্র শংকর চৌধুরী, জয়দীপ চক্রবর্তী, ভাস্কর দাস, বিজেপি রংপুর–মালুগ্রাম মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি অর্চিতেন্দু দাস, বিজেপি নেতা হেমাঙ্গ শেখর দাস, জেলা বিজেপির কর্মকর্তা বিপ্লব দেবনাথ সহ বহু সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণে শিলচরের সাংস্কৃতিক, শিক্ষা ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী ও রাজনৈতিক মহল থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।



