Barak UpdatesHappeningsBreaking News
শিক্ষাগত যোগ্যতা: আতাউরকে আদালতের নোটিশ
ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বর: ১৭ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী আতাউর রহমান বড়ভুইয়ার শংসাপত্র নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা মামলায় নোটিশ পাঠাল জেলা আদালত। নাজিম উদ্দিন বড়ভূইয়া, আহমদ হোসেন বড়ভূইয়া এবং সালমা বেগম লস্কর তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন।
কাছাড়ের অ্যাডিশনাল সিজেএম-এর আদালত আতাউরকে নোটিশ পাঠিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর তাঁদের অভিযোগের জবাব দিতে বলেছে। ১৭ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা নাজিম উদ্দিন বড়ভূইয়া, আহমদ হোসেন বড়ভূইয়া এবং সালমা বেগম লস্কর এজাহার দিয়ে বলেছেন, আতাউর ঝাড়খণ্ডের যে স্টেট ওপেন ইউনিভার্সিটির শংসাপত্র পেশ করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটি ভুয়ো। কাউন্সিল অব বোর্ড অব স্কুল এডুকেশন যে বৈধ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে তাতে ঝাড়খণ্ড স্টেট ওপেন ইউনিভার্সিটির নাম নেই। আতাউর তাঁর হলফনামায় জানিয়েছেন যে ঝাড়খণ্ড স্টেট ওপেন ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে সিকিমের বিনায়ক মিশন থেকে স্নাতক হয়েছেন তিনি। বাদী পক্ষের বক্তব্য, আতাউর যেখানে উচ্চ মাধ্যমিকই উত্তীর্ণ নন সেইস্থলে স্নাতক হওয়ার প্রশ্নই আসে না।
তাঁরা জানান, আতাউর শ্রীকোণা হাইস্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। পরে রামনগরের ডনবস্কো স্কুলে পূর্ণকালীন চতুর্থ শ্রেণির কর্মী অর্থাৎ স্কুলবাসের সহকারি ছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি তারাপুর গ্রাম পঞ্চায়েতে একজন গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছেন।


