Barak UpdatesHappeningsBreaking News
রজতজয়ন্তী বর্ষে ব্লাড ডোনার্স, ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে ১০১ জনের রক্তদান

ওয়ে টু বরাক, ১৯ মে : ১৯ মে ভাষা শহিদ দিবসের স্মরণীয় দিনেই ২৫ বছর আগে শুরু হয় বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম-এর মানবসেবার এই অনিঃশেষ যাত্রা। আজ, ১৯ মে ২০২৬ থেকে ফোরামের রজতজয়ন্তী বর্ষ উদযাপনের দ্বিতীয় পর্যায়ের সুন্দর আয়োজন শুরু হয়। বেলা ১০ টায় ব্লাড ডোনার্স ফোরামের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি তথা বর্তমান প্রধান উপদেষ্টা ডা. কুমার কান্তি দাস ও প্রাক্তন সহসভাপতি প্রশান্ত কুমার বসু। এরপর শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আশু পাল, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত সহ আরও অনেক সদস্যও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এতে শামিল ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, মহিলা শাখার বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা।
বেলা ১১ টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্য অতিথি কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের ডিরেক্টর পদ্মশ্রী ডাঃ রবি কান্নান। বিশিষ্ট অতিথি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মনিকা দেব ও ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. শবনম বাহার বড়ভুঁইয়া সহ ফোরামের বিভিন্ন পদাধীকারীরা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পালের স্বাগত ভাষণের পর ফোরামের জন্ম লগ্নের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে আশু পাল তাঁর সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।এর আগে জাতীয় গীত বন্দেমাতরম গানের মাধ্যমে দিবসব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।

এ দিন ১৪ জন মহিলা সহ মোট ১০১ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এরমধ্যে বেশ কয়েকজন প্রথমবার রক্তদান করেন। তবে, উচ্চ রক্তচাপ বেশি থাকায় এবং হিমোগ্লোবিন এর মাত্রা কম থাকায় বেশ ক’জন রক্তদান করতে পারেননি। ফোরামের সদস্য, শুভাকাঙ্খী ও সাধারণ নাগরিক সহ শহর ও শহরতলীর বিভিন্ন সংগঠন, সংস্থার সদস্যদের পাশাপাশি বরাক উপত্যকার দূর দূরান্ত থেকেও অনেকে এসে রক্তদান করেন। শিবির চলাকালীন রক্তদাতাদের মানবিক অবদানের স্বীকৃতি স্বরূপ প্রত্যেক রক্তদাতাকে ফোরাম এবং ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক দু’টি সার্টিফিকেট, মেডেল এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ মেডিক্যাল অফিসার ডাঃ শবনম বাহার বড়ভুঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন কাউন্সিলর শতরূপা কংসবণিক, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম, টেকনিশিয়ান যাদব বড়ুয়া, নার্স আজিম উদ্দিন, অঞ্জলি সিনহা, প্রিয়াঙ্কা সিনহা প্রমুখ।
এ দিন ফোরামের যে সকল রক্তদাতা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়। এছাড়াও ফোরামের সদস্য বা শুভাকাঙ্ক্ষী যে সকল রক্তদাতা ২৫ বারের বেশি রক্তদান করেছেন তাদেরও সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানকে সফল করে তুলতে যারা বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরও সম্মান জানানো হয় ফোরামের পক্ষ থেকে। এদিনের শিবিরকে সফল করে তোলার জন্য প্রত্যেক রক্তদাতা ও শিবিরে অংশগ্রহণকারীদের ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় । সমস্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত।



