Barak UpdatesHappeningsBreaking News
বৃষ্টিতে জলবন্দি শিলচরে ভোট পড়ল ৬৩.৪৩ শতাংশ
ওয়েটুবরাক, ৩ অক্টোবর: বৃষ্টি আর জমাজলকে সঙ্গী করেই আজ প্রথমবারের মতো পুর নিগম নির্বাচনে ভোট দিলেন শিলচরের মানুষ।
রাজ্য নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট পড়েছে ৬৩.৪৩ শতাংশ। চূড়ান্ত ভোটদানের হার এখনও প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট নিতে হয় বলে এই শতাংশের হিসাব আরও কিছুটা বাড়বে।
কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে বাইরে ছিল পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। তবে কংগ্রেসের অভিযোগ, বিভিন্ন ওয়ার্ডে ভোটে কারচুপি হয়েছে। বহু জায়গায় তাদের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে।
সকাল ৭টায় বৃষ্টির মধ্যেই ভোটগ্রহণ শুরু হয়। বৃষ্টি সত্ত্বেও ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক রাখতে প্রশাসন ও ভোটকর্মীরা তৎপর ছিলেন।
সকালে ভোটদানের গতি ছিল তুলনামূলক ধীর। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ২.৯ শতাংশ। সাড়ে ১১টায় তা বেড়ে দাঁড়ায় ১৯.২৪ শতাংশে। দুপুর দেড়টায় ভোটদানের হার ৪০.২৪ শতাংশ এবং বিকেল সাড়ে ৩টায় ৫৬.৩ শতাংশে পৌঁছয়। এরপর সাড়ে ৪টায় তা ৬৩.৪৩ শতাংশে দাঁড়ায়।
তবে বৃষ্টি সত্ত্বেও বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়। তরুণ ভোটারের পাশাপাশি প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটাররাও ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নবীন ভোটারদের মধ্যে উদ্দীপনা ছিল। প্রবীণ ভোটারদের কেউ আসেন গাড়িতে চেপে, কেউ আসেন হুইল চেয়ারে বসে।
৩৮ নম্বর ওয়ার্ডের লিংক রোড এলাকায় ভোটকেন্দ্রে যেতে গিয়ে জল জমা রাস্তাই পেরোতে হয়েছে বাসিন্দাদের।
৪০টি ওয়ার্ডের মধ্যে ৩০৩টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার প্রায় ২ লক্ষ ৭৩ হাজার। ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়। ৯ ও ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই দুই ওয়ার্ডে ভোট হয়নি। ভোট গণনা হবে ৬ অক্টোবর, আইএসটিটি ক্যাম্পাসে।


